দেশে জৈব গ্যাসের বাণিজ্যিক ব্যবহার বাড়ার সম্ভাবনা অনেক। ইতিমধ্যে সমাজভিত্তিক (কমিউনিটি বেইজড) জৈব গ্যাস উৎপাদন এবং ব্যবহারেও সাফল্য এসেছে। একে আরও সম্প্রসারিত করার জন্য এর মূল্য নির্ধারণ ও বিপণন নীতিমালা দরকার। দরকার প্রশিক্ষিত জনবল ও সরকারি সহায়তাও।
বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে জৈব গ্যাস উৎপাদনের বর্তমান অবস্থা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞ পেশাজীবীরা এসব কথা বলেছেন। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফআরডি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার আয়োজন করে ‘বাংলাদেশ বায়োগ্যাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিবিডিএফ)’।
ফাউন্ডেশনের সভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ফাউন্ডেশনের সদস্যসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সমীক্ষা প্রতিবেদন ও বক্তব্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, দেশে বর্তমানে পারিবারিক জৈব গ্যাস প্ল্যান্ট প্রায় ৯০ হাজার। আর বাণিজ্যিক প্ল্যান্ট ৩০০। বাণিজ্যিক প্ল্যান্টগুলোর মাধ্যমে গ্রামে সমাজভিত্তিক জৈব গ্যাস উৎপাদন ও ব্যবহারে সাফল্য পাওয়া গেছে। কিছু কিছু বাণিজ্যিক প্ল্যান্টের গ্যাসে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালানো হচ্ছে।
তবে এসব প্ল্যান্টের নকশা উন্নত নয়। সরবরাহ লাইনগুলো গ্যাস সরবরাহের উপযোগী হয়নি। একটি প্ল্যান্ট স্থাপনের পর যেসব সেবা দরকার, সেগুলো পেতেও গ্রাহকের সমস্যা হয়। এ কারণে পারিবারিক মালিকানার প্রায় ৪০ শতাংশ প্ল্যান্ট বন্ধ আছে কিংবা আংশিক চলছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, স্বাধীনতার পরপরই দেশে জৈব গ্যাসের উৎপাদন শুরু হলেও এখন পর্যন্ত তা কারিগরি বা বাণিজ্যিকভাবে তেমন উন্নত হতে পারেনি। এর অন্যতম কারণ, বিজ্ঞানীরা এই প্রযুক্তি উদ্ভাবনের পর তার সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের কাছে তা হস্তান্তর করা হয়নি। বিজ্ঞানীদের গবেষণালব্ধ প্রযুক্তি অবশ্যই বাণিজ্যিকীকরণের উদ্যোগ নিতে হবে। এ জন্য সরকার ও বেসরকারি খাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হবে।
সেমিনারে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক আবদুল মতিন প্রমুখ বক্তব্য দেন।