বাণিজ্যিক রাজধানী শুধু মুখেই

বাণিজ্যিক রাজধানী শুধু মুখে মুখেই। বড় দুই দলই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। ২০০৩ সালে এ-সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল। এরপর প্রায় ১৪ বছর পেরিয়ে গেছে। বাণিজ্যিক রাজধানীর ধারণা, দেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে চট্টগ্রাম। সেটা হয়নি, উল্টো ঢাকার ওপর নির্ভরতা প্রায় শতভাগ। ব্যাংকঋণ থেকে শুরু করে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়।
ব্যবসায়ীরা মনে করেন, চট্টগ্রামকে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। কিন্তু এ ক্ষেত্রে দুই বড় দলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে যোগ্য রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বও গড়ে ওঠেনি। ফলে চট্টগ্রামকেন্দ্রিক ব্যবসায়িক সুবিধা ক্রমেই কমছে।
ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্যিক রাজধানীর অর্থই হলো বাণিজ্য-সংক্রান্ত সব ধরনের সেবা চট্টগ্রামেই পাওয়া যাবে। ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হবে না। যেমন শিল্পকারখানার উৎপাদিত পণ্য বা আমদানি পণ্যের মান পরীক্ষা ও তদারকির জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যালয় চট্টগ্রামে আছে। কিন্তু সংস্থার তালিকাভুক্ত ১৫৪টি পণ্যের মধ্যে ৮৫টি পণ্যের মান পরীক্ষা ও লাইসেন্স নিতে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হয়। বন্দরে পণ্য পড়ে থাকলেও ঢাকা থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পণ্য ছাড় করা হয় না। এ জন্য জরিমানা দিতে হয় ব্যবসায়ীদের।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বন্দর-সম্পর্কিত সব কাজ চট্টগ্রামেই সারা যায়। চায়ের নিলামও অনুষ্ঠিত হয় চট্টগ্রামেই। বাণিজ্যিক রাজধানীর চেয়েও বেশি দরকার, চট্টগ্রামের ব্যবসায়ীরা যে যে জায়গায় অসুবিধায় পড়ছেন, সরকারের কাছে সেগুলো তুলে ধরা, তাতে কাজ হবে। কারণ, বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব সরকার।
ব্যবসায়ীরা জানান, বাণিজ্যিক রাজধানী হতে হলে প্রথমত চট্টগ্রাম বিমানবন্দরের সুবিধা বাড়িয়ে সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের করতে হবে। দ্বিতীয়ত, সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা এর উল্টো। আমদানি-রপ্তানি বাড়লেও বন্দরের সক্ষমতা কমেছে। ২০০৭ সালের পর পণ্য ওঠানো-নামানোর জন্য কোনো জেটি নির্মাণ করা হয়নি। ফলে জাহাজ ও কনটেইনার জট লেগেই আছে। ২০০৭ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে প্রতিটি কনটেইনার জাহাজকে জেটিতে ভেড়ানোর জন্য গড়ে অপেক্ষা করতে হতো ১৬ ঘণ্টা। এখন একই ধরনের জাহাজকে অপেক্ষা করতে হচ্ছে ১০৬ ঘণ্টা (সাড়ে চার দিন)। সাধারণ পণ্যবাহী জাহাজ জেটিতে ভিড়তে দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার নজির তৈরি হয়েছে।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, বিদেশি বিনিয়োগকারীরা চারটি বিষয়ে নিশ্চয়তা চান। প্রথমেই জানতে চান বন্দরের সক্ষমতার বিষয়টি। তারপর যোগাযোগব্যবস্থা। এরপর গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা এবং সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি। বন্দর এবং গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ব্যবসায়ীদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বন্দরে এক দিনে যে সেবা পাওয়ার কথা, সেটি পেতে এখন সাত দিন লাগছে। তা ছাড়া, বন্দরের চেয়ারম্যান ও পর্ষদ সদস্যদের বেশির ভাগ সময় ঢাকায় গিয়ে মন্ত্রণালয়ে সভায় যোগ দিতে হয়।
বিনিয়োগের জন্য সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের ঋণ নিতে গেলেও ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় ব্যবসায়ীদের। চট্টগ্রামে সরকারি বা বেসরকারি সব ব্যাংকের কার্যালয় থাকলেও ঋণ দেওয়ার ক্ষমতা নেই। পোশাক কারখানার যন্ত্রপাতি আমদানির জন্যও প্রত্যয়নপত্র নিতে হয় ঢাকায় বিজিএমইএ থেকে। প্রত্যয়নপত্রে সই লাগে সংগঠনের সভাপতির। চট্টগ্রামে সংগঠনটির প্রথম সহসভাপতি থাকলেও তাঁর ক্ষমতা নেই।
চট্টগ্রামে বিভিন্ন সরকারি সংস্থার আঞ্চলিক কার্যালয় থাকলেও শিল্পকারখানার নানা কাজের প্রয়োজনে সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। চা রপ্তানির জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নিতে হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড সম্প্রতি রপ্তানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রাম কার্যালয়ে আবেদন করে। চট্টগ্রাম কার্যালয় এই আবেদন ঢাকায় পাঠায়। কারণ, চট্টগ্রামে কার্যালয় থাকলেও অনুমোদনের ক্ষমতা নেই। আবার কোম্পানি গঠন করতে হলে নিবন্ধন নিতে হয় যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে। চট্টগ্রামে এই কার্যালয়ের নিবন্ধক বা প্রধান কর্মকর্তা ঢাকা থেকে এসে সপ্তাহে এক দিন বসেন। ফলে উদ্যোক্তাদের অপেক্ষা করতে হয় সপ্তাহের শেষ দিন পর্যন্ত।
তবে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স ইস্যু, নবায়ন, কাঁচামাল আমদানির অনুমোদনের জন্য পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেটের অফিস চালু করা হয়েছে ২০১১ সালে। আগ্রাবাদে এ বছরই চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে বিশ্ব বাণিজ্য কেন্দ্র চালু হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। ২১ তলা (বেইসমেন্টসহ ২৪ তলা) এই ভবনে চার তারকা মানের হোটেল চালু হয়নি।
১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনী ইশতেহারে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার অঙ্গীকার করে বিএনপি। ক্ষমতায় এসে বিএনপি সরকার ২০০৩ সালের ৬ জানুয়ারি এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করে। মন্ত্রিসভার ওই সভায় সিদ্ধান্ত হয়, যেকোনো একটি ব্যাংক বা বিমা কোম্পানির সদর দপ্তর চট্টগ্রামে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া শিক্ষা, প্রশাসনিক, যোগাযোগ, পর্যটন, বন্দরসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের আঞ্চলিক দপ্তর চট্টগ্রামে রয়েছে, সেগুলোর ক্ষমতা বাড়ানো হবে। এসব সিদ্ধান্তের কোনোটাই বাস্তবায়িত হয়নি।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮, ২০১০ ও ২০১৪ সালে তিনটি জনসভায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন। ২০১৪ সালের ১২ নভেম্বর উড়ালসড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘আমরা চট্টগ্রামকে প্রকৃত অর্থেই বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করছি।’
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাণিজ্যিক রাজধানী করতে বিএনপি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিমানবন্দরের আধুনিকায়নের জন্য জমি বরাদ্দ, বন্দরের সক্ষমতা বাড়াতে দেশের সবচেয়ে বড় নিউমুরিং টার্মিনাল নির্মাণ, মহাসড়কের সঙ্গে বন্দরের সংযোগ সড়ক, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ অনেক কিছুই করেছে। এখন তো সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে।
সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বর্তমানে সাংসদ আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, গত প্রায় আট বছরে এ সরকারের সময়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের জন্য বন্দর ও কাস্টমকে আধুনিকায়ন, বন্ড কমিশনারেটের পূর্ণাঙ্গ অফিস চালু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রেল যোগাযোগ সুবিধা উন্নীতকরণ, চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোসহ ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক অনেক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। এখন টানেল, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বহু পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পথে।
>* চট্টগ্রামকেন্দ্রিক ব্যবসায়িক সুবিধা ক্রমেই কমছে
* ব্যাংকঋণসহ বিভিন্ন বিষয়ে ঢাকার ওপর নির্ভরতা
* আমদানি-রপ্তানি বাড়লেও বন্দরের সক্ষমতা কমেছে
অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, বিশ্বের বাণিজ্য নগরগুলোতে ব্যবসা-বাণিজ্যের সব সুবিধা পাওয়া যায়। এখানে তা নেই। সরকারি আঞ্চলিক দপ্তরগুলোর ক্ষমতা না থাকার জন্যই ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়। এ কারণে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সেবা ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বলেন, এখন বন্দর কর্তৃপক্ষ কার্যত কিছু করতে পারে না। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার হবে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানি-রপ্তানি পণ্যের ৯৩ শতাংশ আনা-নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে। কিন্তু বন্দরের সক্ষমতা সে অনুযায়ী বাড়ানো হয়নি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, বিশ্বের বন্দরনগরীগুলোতে ব্যবসা-বাণিজ্যের সব সুযোগ-সুবিধা থাকে। অথচ চট্টগ্রামে নেই। চট্টগ্রামে বন্দর থাকলেও বহুজাতিক কোম্পানিগুলো ঢাকায় ব্যবসা স্থানান্তর করে নিয়েছে।
সব অনুমোদন ঢাকায়: আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ৫৫টি সেবার একটি তালিকা প্রকাশ করা হয় গত ২৭ নভেম্বর। এসব সেবার মধ্যে ২৮টিই ঢাকার প্রধান কার্যালয় থেকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতিসহ ২৮ ধরনের পণ্যের আমদানি ও রপ্তানির অনুমতি রয়েছে।
তুলা, খাদ্যশস্যসহ উদ্ভিদ ও উদ্ভিজ্জাত পণ্য আমদানি করতে হলে ব্যাংকে ঋণপত্র খোলার আগে চট্টগ্রামের ব্যবসায়ীদের আমদানির অনুমতি নিতে হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে। অথচ চট্টগ্রামে সংস্থার কার্যালয় থাকলেও ক্ষমতা নেই। ১৫-২০ হাজার মেট্রিক টনের বেশি পণ্য আমদানির আগে ব্যবসায়ীদের আমদানির অনুমতিপত্র জোগাড় করতে দৌড়াতে হয় ঢাকায়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটি চট্টগ্রাম থেকে দেওয়া হতো।
শিল্পকারখানায় বয়লার বসানোর আগে আমদানির ছাড়পত্র কিংবা বয়লারের নিবন্ধন পেতে হলেও ঢাকার দিকে তাকিয়ে থাকতে হয়। চট্টগ্রামে কার্যালয় থাকলেও চূড়ান্ত অনুমোদন হয় ঢাকার প্রধান কার্যালয় থেকে।
পণ্য রপ্তানির আগে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিবন্ধন নিতে হয়। চট্টগ্রামে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয় থাকলেও নতুন নিবন্ধনের অনুমোদন দেওয়া হয় ঢাকা থেকে। এই নিবন্ধন পেতে চার দিন থেকে কয়েক সপ্তাহও লাগার নজির আছে বলে ব্যবসায়ীরা জানান।
পুরোনো জাহাজ আমদানি যা হয়, তা চট্টগ্রাম বন্দর দিয়ে এনে সীতাকুণ্ড উপকূলে জাহাজভাঙা শিল্পে কাটা হয়। এই জাহাজ আমদানির অনাপত্তি থেকে শুরু করে কাটা পর্যন্ত চার ধরনের অনুমতির জন্য ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে দৌড়াতে হয় এখানকার ব্যবসায়ীদের। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দায়িত্বপ্রাপ্ত একজন উপসচিব থেকে সেবা নেওয়ার কথা বলা আছে।
গত ৫ মে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামে অবস্থিত ‘নৌবাণিজ্য অধিদপ্তর’-এর নাম বদলে ‘নৌবাণিজ্য দপ্তর’ করা হয়েছে। জাহাজ কোম্পানির প্রতিনিধিরা বলছেন, এর ফলে এখন সমুদ্রগামী জাহাজ নিবন্ধন, বন্দরে আসা জাহাজ-সংক্রান্ত যাবতীয় কাজে এই সংস্থার ক্ষমতা খর্ব হবে। অনেক সিদ্ধান্তই ঢাকায় নৌপরিবহন অধিদপ্তর থেকে নিতে হবে। অথচ সমুদ্রপথে সিংহভাগ জাহাজ আসা-যাওয়া করে চট্টগ্রাম বন্দর দিয়ে।
সমুদ্রপথে কনটেইনার পণ্য আমদানি-রপ্তানির ৯৮ শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কাস্টম বা পদ্ধতিগত কারণে পণ্য খালাস করতে না পারলে বেশি দিন বন্দরে কনটেইনার রাখার মাশুল দিতে হয় ব্যবসায়ীদের। এই মাশুল মওকুফের জন্য নৌমন্ত্রীর কাছে দৌড়াতে হয় ব্যবসায়ীদের। কারণ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাশুল মওকুফ করার ক্ষমতা মাত্র এক হাজার টাকা পর্যন্ত।
চলে গেছে বহুজাতিক প্রতিষ্ঠান: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রকৃতপক্ষে প্রথম যাত্রা শুরু করে চট্টগ্রামে প্রথম শাখা কার্যালয় দিয়ে, ১৯৪৮ সালে। চট্টগ্রামের গুরুত্বের কথা বিবেচনা করে এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল এই আন্তর্জাতিক ব্যাংকটির।
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার ১৯৬৪ সালে চট্টগ্রামের কালুরঘাটে সাবান কারখানা দিয়ে যাত্রা শুরু করে। কোম্পানির প্রধান কার্যালয়ও ছিল চট্টগ্রামে। অবশ্য এক দশক আগে ঢাকায় স্থানান্তর করা হয়। একইভাবে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার পেইন্টস, রেকিট বেনকিজার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনসহ বেশ কিছু কোম্পানি চট্টগ্রাম থেকে করপোরেট কার্যালয় বা প্রধান কার্যালয় সরিয়ে ঢাকায় স্থানান্তর করেছে।
পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামে, দেশ গার্মেন্টস দিয়ে। বন্দর সুবিধার কারণে কাঁচামাল এনে কারখানায় নেওয়া এবং রপ্তানি করার সুযোগ থাকলেও চট্টগ্রামে পোশাক কারখানার বিকাশ হয়নি। গ্যাস-বিদ্যুৎসহ সর্বশেষ জমির উচ্চমূল্যের কারণে পিছিয়ে পড়েছিল চট্টগ্রাম। ক্রেতাপ্রতিষ্ঠানগুলোও ঢাকাকেন্দ্রিক। চট্টগ্রামের ব্যবসায়ীরাই এখন ঢাকা অঞ্চলে কারখানা করেছেন।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব মনে করেন, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সম্পদের কারণে চট্টগ্রাম হওয়া উচিত ছিল বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার শিল্প-বাণিজ্যের স্বর্গরাজ্য, তা হয়নি। মন্ত্রী-আমলাদের প্রিয় শহর ঢাকাকেন্দ্রিক সবকিছু হচ্ছে।