বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে ৫০০ আবাসিক প্লট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ২২টি দেশের দূতাবাস ও বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহূত বাড়িসহ মোট ৫০০টি আবাসিক প্লট বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে গুলশানে ৪৮৬টি এবং নিকুঞ্জে ১৪টি। রাজউকের নীতিমালা অনুযায়ী, আবাসিক প্লটের ওপর নির্মিত ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় না। সম্প্রতি গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে এসব প্লটের তালিকা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নীতিমালা অনুযায়ী আবাসিক প্লটের বাণিজ্যিক ব্যব-হারের জন্য নির্ধারিত ফি জমা দিতে হয়। কিন্তু তালিকাভুক্ত প্লটের ক্ষেত্রে তা মানা হয়নি। গত ২৯ মার্চ পূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ঢাকার গুলশান, বনানী ও উত্তরার আবাসিক প্লটের বাণিজ্যিক ব্যবহারের বিষয় তদন্তের জন্য একটি উপকমিটি করে। জানতে চাইলে উপকমিটির সদস্য আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আবাসিক প্লটের বাণিজ্যিক ব্যবহার অবৈধ। আরও দু-একটি বৈঠকের পর উপকমিটি এ বিষয়ে সুপারিশ করবে। বাণিজ্যিক প্লট হিসেবে রাখতে হলে জরিমানা দিতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে। তা না হলে এসব প্লট থেকে উচ্ছেদসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। রাজউকের প্রতিবেদনে বলা হয়, গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ১৩ কাঠার আবাসিক প্লটটি বরাদ্দ দেওয়া হয় বিএনপির প্রয়াত নেতা কুমিল্লার বরুড়ার আবু তাহেরকে। সেটিই এখন ভাড়ায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে ২২টি দেশের দূতাবাস আবাসিক প্লটে সেগুলো হলো: সৌদি আরব, ফ্রান্স, নরওয়ে, স্পেন, ভারত, পাকিস্তান, ইতালি, ইরান, কাতার, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, মিয়ানমার, ডেনমার্ক, নেদারল্যান্ড, মিসর, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন, ইন্দো-নেশিয়া, লিবিয়া ও ভুটান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনও আবাসিক প্লটে অবস্থিত।প্রতিবেদনে আরও বলা হয়, গুলশানে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড-চার্টার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ও আবাসিক প্লটে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গবেষণাগার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন আবাসিক প্লট ব্যবহার করছে।