বাণিজ্যিকীকরণ বন্ধে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি
পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করতে নগরে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়াসা ভবনের সামনে এক যৌথ মানববন্ধনে তারা এ দাবি জানায়। মানববন্ধনে পবার সভাপতি আবু নাসের বলেন, পানি ব্যবসায়ীদের সুবিধা দিতে ওয়াসার কিছু অসাধু কর্মকর্তা পরিকল্পিতভাবে নগরে দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি সরবরাহ করছে। ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করলে বাণিজ্যিকভাবে উৎপাদিত পানির দাম কমে আসবে। বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মাহবুল হক বলেন, গ্রীষ্ম না আসতেই নগরে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। পানি পাওয়া গেলেও তা দুর্গন্ধ ও ময়লাযুক্ত। নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে যমুনা নদী থেকে পানি সংগ্রহের দাবি জানান পবার সম্পাদক আসলাম খান।মানববন্ধনে আরও বক্তব্য দেন কালাম আতাউর রহমান, আতিক মোর্শেদ, ইফমা হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে পবা ওয়াসার চেয়ারম্যান বরাবর এ-সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেন।