বাণিজ্যিকীকরণ শিক্ষার গুণগত মানকে ব্যাহত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ছিল গতকাল। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ছিল গতকাল। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাণিজ্যিকীকরণ শিক্ষার গুণগত মানকে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে মেধা বিকাশের পথকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষা বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। সার্টিফিকেট একজন শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি হলেও শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না।’
গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি উপস্থিত শিক্ষার্থী ও সুধীজনদের উদ্দেশে এসব কথা বলেন।
হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। বক্তব্যের শেষ দিকে রাষ্ট্রপতি রসিকতা করে কিছু কথা বলেন। তাঁর কথা শুনে সমাবর্তন অনুষ্ঠানে হাসির রোল ওঠে। লিখিত বক্তব্যের শেষে রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে লিখিত বক্তব্যের বাইরে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। লেখার বাইরে কথা বলতে হলে মনে রং থাকতে হয়। বৃষ্টি, বাতাসে হাওরের ফসলের ক্ষতি হচ্ছে। গত তিন দিনে হাওর ঘুরে দেখেছি, বারো আনাই নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় রং মিশিয়ে কথা বলা সম্ভব না।’
এ সময় রাষ্ট্রপতি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলেন, ‘সকালে নাশতার টেবিলে স্ত্রী আমাকে বলল, “পত্রিকার নিউজ দেখেছি, তুমি প্রতিদিন পুরান কথাই কইতাছ।” তখন আমি বললাম, বন্যায় ধান নষ্ট হইতাছে। তখনো হইত, এখনো হইতাছে। অহন নয়া জিনিস কী বলব? স্ত্রী বলে, “তা-ও নয়া কথা বলা উচিত ছিল।” আমি বলি, তা ঠিক বলছ। পাশাপাশি আমি যদি বলি, ৫৪ বছর ধরে তোমার সঙ্গে ঘর করছি। তুমিতো পুরান হইছ। আমি যদি বলি, বউ একটা নতুন নিয়া আসি, তখন কেমন হবে? তখন কথা থামছে। দেখি গাল ফুলাইয়া বইয়া রইছে। এর ফাঁকে আমি চইলা আসছি।’
সমাবর্তনের লিখিত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পাবলিক ও প্রাইভেট সেক্টরে উচ্চশিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও পরিবেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি। বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প আজ আর স্বপ্ন নয়, তা বাস্তবতা। দেশ নিম্ন আয়ের স্তর থেকে নিম্নমধ্যম আয়ের কাতারে উন্নীত হয়েছে। সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর, যুদ্ধাপরাধীদের বিচার, দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা, জঙ্গিবাদ দমন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণসহ আর্থসামাজিক ক্ষেত্রে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় বিশেষায়িত সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। কিন্তু সংসদীয় কমিটির সিদ্ধান্তে সাধারণ বিশ্ববিদ্যালয় হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম। সমাবর্তনে ১ হাজার ৩৯৯ জন¯স্নাতক ডিগ্রিধারী অংশ নেন। এর মধ্যে ২৯ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।