জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, চিকিৎসা-সেবা বাণিজ্যিকী-করণের ফলে চিকিৎসকেরা অবহেলা করেও পার পাচ্ছেন। কঠোর আইন করে এ অবস্থার পরিবর্তন করা সম্ভব নাও হতে পারে। গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘চিকিৎসায় অবহেলাসহ চিকিৎসাসেবার মানোন্নয়নের সমস্যাবলি ও তার সম্ভাব্য সমাধানের পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় মিজানুর রহমান এ কথা বলেন। সরকারের আইন কমিশন এই সভার আয়োজন করে। চিকিৎসকদের একটি অংশের অন্যায়ভাবে রোগীদের কাছ থেকে সম্মানি ও পরীক্ষা-নিরীক্ষার নামে ‘কমিশন’ নেওয়ার সমালোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বিভিন্ন হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বিচারক, চিকিৎসক, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অধিকাংশ আলোচক বলেন, চিকিৎসায় অবহেলা ও এর প্রতিকার বিষয়ে দেশে কোনো সুস্পষ্ট আইন নেই। তাঁরা একটি পূর্ণাঙ্গ আইন করার ওপর জোর দেন। চিকিৎসকদের সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ৩০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকেন। কিন্তু দলীয় রাজনীতির কারণে স্বাস্থ্য অধিদপ্তর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করলেও পরিস্থিতির উন্নতি হবে না, যদি না চিকিৎসকদের ভেতরে এই বোধ না জন্মে।আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম বলেন, আইনের ব্যাপারে সব পক্ষের সঙ্গে আলোচনা করে আইন কমিশন সরকারের কাছে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। নতুন আইন হলে তা আগেই জানানো এবং মতামত নেওয়া হবে।