বাণিজ্যে নতুন মাত্রা দিতে সম্মত ঢাকা ও কলম্বো
বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বাণিজ্য, জাহাজ চলাচল ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন মাত্রা দিতে অশুল্ক বাধা দূর করার পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা ও নতুন উদ্যোগ নিতে রাজি হয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা ও কলম্বো থেকে একযোগে এটি প্রকাশ করা হয়েছে।এদিকে শ্রীলঙ্কা সে দেশের হামবানটোটায় নবনির্মিত গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে সাড়া দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিগগিরই শ্রীলঙ্কা সফরে যাবে।গতকাল ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পিরেস তাঁর দেশের দক্ষিণ উপকূলের ওই বন্দরটি ব্যবহারের প্রস্তাব দেন।জি এল পিরেস বলেন, হামবানটোটায় নবনির্মিত গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। ওই বন্দর থেকে ফিডার জাহাজের মাধ্যমে কলম্বো হয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পণ্য পরিবহন করা যাবে।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি বিবেচনা করবে। গভীর সমুদ্রবন্দরটি ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখতে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রীলঙ্কা যাবে।বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ উল্লেখ করার মতো নয়—এ পর্যবেক্ষণের প্রতিক্রিয়ায় জি এল পিরেস বলেন, ‘বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এক দশকজুড়ে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা (গৃহযুদ্ধ) ছিল, তা দূর হয়েছে। ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ সুযোগ আমরা কাজে লাগাতে চাই।’এদিকে যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই দেশ যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে রাজি হয়েছে। এ লক্ষ্যে দুই শীর্ষ নেতা মত দেন যত শিগগির সম্ভব বাণিজ্য ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করা জরুরি।রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ঢাকা সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাজাপক্ষকে স্বাগত জানিয়ে এ মন্তব্য করেন।রাষ্ট্রপতি বলেন, এ সফরের সময় যেসব সমঝোতা স্মারক সই হয়েছে তা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে শ্রীলঙ্কা।বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন: ঢাকা সফরের দ্বিতীয় দিনে গতকাল মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর স্ত্রী শিরানথি রাজাপক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সকালে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে যান এবং স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। রাজাপক্ষে এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি জাদুঘর ঘুরে দেখেন। খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ: শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বিকেলে সোনারগাঁও হোটেলে প্রেসিডেন্ট রাজাপক্ষের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও সার্ককে আরও কার্যকর করা এবং দুই দেশের সহযোগিতা বাড়ানোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। সেই সঙ্গে তিনি সার্ককে শক্তিশালী করতে শ্রীলঙ্কাকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।