হরতাল-অবরোধের কারণে বগুড়ায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। আদমদীঘিতে কমে গেছে ধানের দাম। প্রতি মণ আমন ধানের দাম কমেছে ১০০-১৫০ টাকা। ক্রেতা না থাকায় অনেকে ধান ফেরত আনছেন। আবার টাকার প্রয়োজনে অনেকে পানির দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এদিকে অবরোধের কারণে উৎপাদন শুরুর তিন দিনের মাথায় নাটোরের দুটি চিনিকল অচল হয়ে পড়েছে। আখ সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে।
বগুড়া শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সমীর দত্ত জানান, রাজনৈতিক অস্থিরতায় হরতাল-অবরোধ কর্মসূচির কারণে মালামাল আনা-নেওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে। সঠিক সময়ে মাল আনতে না পারলে সেই মাল বিক্রি করা নিয়ে সমস্যা হচ্ছে।
বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম সরকার জানান, তাঁদের হোটেল ব্যবসায় ধস নেমেছে। হোটেলগুলো হরতালের আওতামুক্ত হওয়া সত্ত্বেও অনেক হোটেল ভাঙচুরের শিকার হচ্ছে। হোটেল খোলা থাকলেও মানুষ আতঙ্কে ঘর থেকে বের না হওয়ায় বিক্রি অনেক কমে গেছে।
বগুড়ার শোভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কিরণ আহমেদ জানান, রাজনৈতিক কর্মসূচির কারণে চট্টগ্রাম থেকে তিনি মাল খালাস করতে পারছেন না। পাশাপাশি ব্যাংকের সুদও গুনতে হচ্ছে।
বগুড়া নিউমার্কেট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ব্যাংক থেকে জমানো টাকা তুলে খরচ করতে হচ্ছে।
জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জানান, আয় না থাকলেও কর্মচারীদের বেতন দিতে হচ্ছে।
সম্প্রতি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রাধাকান্ত হাট, আদমদীঘি হাট ও ছাতিয়ানগ্রাম হাটে গিয়ে দেখা গেছে, ধানের পর্যাপ্ত আমদানি থাকলেও হাটগুলোতে ক্রেতা নেই।
সান্তাহার হাটের ইজারাদার আশরাফুল ইসলাম বলেন, যানবাহন চলাচল বন্ধ থাকায় হাটে পাইকার ও সাধারণ ক্রেতার অভাব দেখা গেছে। ফলে একদিকে যেমন কৃষকেরা ক্ষতির সন্মুখীন হচ্ছেন, অন্যদিকে হাটের ইজারাদারেরও লোকসান গুনতে হচ্ছে।
সান্তাহার হাটে ধান বিক্রি করতে আসা কৃষক আবদুস সামাদ জানান, অবরোধ শুরুর আগে প্রতি মণ স্বর্ণা-৫ জাতের ধানের দাম ছিল ৮০০ টাকা। অবরোধের কারণে তা ৬৫০-৭০০ টাকায় নেমে এসেছে। টাকার প্রয়োজনে অনেকে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করছেন।
সান্তাহার চাল আড়তদার সমিতির সভাপতি আতিকুর রহমান বলেন, অবরোধের কারণে ধানের পাশাপাশি চালের দাম অনেক কমে গেছে। অবরোধের আগে প্রতি বস্তা স্বর্ণা জাতের চাল এক হাজার ৭০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১৫০০-১৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরশাদ হোসেন জানান, এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত শুক্রবার দুপুরে চলতি বছরের উৎপাদন মৌসুম শুরু হয়। কিন্তু সোমবার রাত থেকে বিভিন্ন সড়কে আখ বহনকারী গাড়ি আটকে দেওয়া হয়। চাষিরাও অবরোধকারীদের হামলার ভয়ে আখ নিয়ে চিনিকলে আসছেন না।
এ কারনে গত মঙ্গলবার সকালে চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে। অবরোধ ও হরতাল চলতে থাকলে চিনিকল আর চালু করা সম্ভব হবে না। অথচ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কয়েক শ কর্মচারীকে বেতন-ভাতাসহ কারখানা ব্যবস্থাপনা বাবদ প্রতিদিন কয়েক লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে।
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা নিজস্ব খামারের আখ দিয়ে উৎপাদন অব্যাহত রাখতে চেয়েছিলাম। কিন্তু রাস্তায় আখ পরিবহনের গাড়ি অবরোধের শিকার হওয়ায় আমাদের সে চেষ্টাও বিফল হয়েছে। গতবারের উৎপাদিত বিপুল পরিমাণ চিনি এখনো অবিক্রীত অবস্থায়পড়ে রয়েছে। এর মধ্যে অবরোধের কারণে অতিরিক্ত ব্যয় হওয়ায় আমরা আরও আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছি।’