বাতাস এলেই বিদ্যুৎ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একরামুল হক ও জয়ন্তী দেওয়ান, খাগড়াছড়ি থেকে ফিরে

সামান্য বাতাস এলে বা আকাশে বিদ্যুৎ চমকালে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর সঙ্গে রয়েছে লো-ভোল্টেজ সমস্যা।

পিডিবির সূত্র জানায়, খাগড়াছড়ি জেলার বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা হাটহাজারীতে স্থাপিত গ্রিড উপকেন্দ্র থেকে নিয়ন্ত্রিত। ৩৩ কেভির বিতরণ লাইন দিয়ে খাগড়াছড়ি, মানিকছড়ি, জালিয়াপাড়া, পানছড়ি, মহালছড়ি ও মারিশ্যা স্টেশন থেকে গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হাটহাজারী থেকে খাগড়াছড়ি বিতরণ লাইনের দূরত্ব ১২০ কিলোমিটার। আর খাগড়াছড়ির শেষ সীমানা পর্যন্ত বিতরণ লাইনের দূরত্ব ৪৭৭ কিলোমিটার।

বিদ্যুৎ-সংকট ও লো-ভোল্টেজ সমস্যার কথা স্বীকার করে পিডিবির খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘আসলে প্রকৃতির ওপর আমরা নির্ভরশীল। দমকা বাতাস এলে কিংবা বিদ্যুৎ চমকালে সরবরাহব্যবস্থায় সমস্যা হয়। কারণ, বিতরণ লাইনের ১০ ফুট দূরের গাছ বা ডাল কাটার এখতিয়ার আমাদের আছে। দমকা বাতাসে ৩০ ফুট দূর থেকে গাছের ডাল তারের সঙ্গে ঘষা খেলে আমাদের কিছু করার থাকে না। তখন আমরা সরবরাহ বন্ধ করে দিই।’

আবু জাফর বলেন, গ্রিড উপকেন্দ্র থেকে অনেক দূরে হওয়ায় খাগড়াছড়িতে লো-ভোল্টেজ সমস্যা আছে। ইতিমধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি সঞ্চালন লাইনের কাজ করছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৩২/৩৩ কেভির পৃথক দুটি উপকেন্দ্র স্থাপিত হলে লো-ভোল্টেজের সমস্যা থাকবে না।

পিডিবির সূত্র জানায়, নতুন ১৩২/৩৩ কেভির সঞ্চালন লাইন স্থাপনের কাজ আগামী জুনের মধ্যে শেষ হওয়ার কথা।

স্থানীয় গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত গড়ে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। লো-ভোল্টেজের কারণে বৈদ্যুতিক পাখাও ঠিকভাবে ঘোরে না বলে গ্রাহকদের অভিযোগ। ফলে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমি আজ (গতকাল মঙ্গলবার) দীঘিনালা উপজেলায় গিয়েছি। সেখানে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। জেলা সদরেও আমরা কষ্টে আছি।’

বিতরণ লাইনের ৩০ ফুট দূরে গাছগাছালির সমস্যা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘পিডিবির প্রকৌশলী এই সমস্যার কথা কখনো আমাদের বলেননি। তাঁরা ১০ ফুট দূরের গাছ বা ডালের সমস্যা নিয়ে কথা বলেছেন। বিষয়টি জানালে আমরা একটি সমাধান দিতে পারতাম।’

জেলা প্রশাসক বলেন, বিতরণ লাইনের ত্রুটি সারানোর জন্য প্রতি শনি ও সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৈনিক টানা আট ঘণ্টা খাগড়াছড়ি ও আশপাশের উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যে বিতরণ লাইনের সংস্কারকাজ অনেকটা এগিয়ে গেছে। সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হলে বিদ্যুতের সমস্যা কেটে যাবে।

বিদ্যুৎ-সংকটের কারণে খাগড়াছড়িতে নাগরিক ভোগান্তি চরমে। পরীক্ষার্থীদের যেমন প্রস্তুতিতে সমস্যা হচ্ছে, তেমনি ব্যবসায়ীরা নির্বিঘ্নে কাজ করতে পারছেন না। গৃহবধূরাও গৃহস্থালি কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক এম রাশেদুল হক এ প্রসঙ্গে বলেন, ‘খাগড়াছড়িতে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় চলছে। অবিরাম ৪৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকারও রেকর্ড আছে। বিদ্যুতের সমস্যার কারণে এইচএসসি, স্নাতক ও অনার্স পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। ব্যাহত হচ্ছে পরীক্ষার প্রস্তুতি।’

খাগড়াছড়ির এইচএসসি পরীক্ষার্থী নমিতা চাকমা বলে, ‘গরমের মধ্যে বিদ্যুৎ ঠিকমতো না থাকায় পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিও ভালো হচ্ছে না।’

খাগড়াছড়ির একটি ছাপাখানার পরিচালক নুর মোহাম্মদ বলেন, যন্ত্র চালানোর জন্য দুই ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। ফলে তাঁরা জেনারেটর ও সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।