বাতাস ও কনকনে ঠান্ডায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনের তাপ নিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের মালতি বালা (৯০)। ছবিটি গত বুধবার সকালে তোলা l প্রথম আলো
আগুনের তাপ নিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের মালতি বালা (৯০)। ছবিটি গত বুধবার সকালে তোলা l প্রথম আলো

বাতাস ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছে কুড়িগ্রাম ও নীলফামারীর মানুষ। বিশেষ করে চর ও নদীর তীরবর্তী এলাকায় শীত বেশি। এতে কাহিল হয়ে পড়েছেন বয়স্ক ও শিশুরা। শীতের কারণে কাজে যেতে না পারায় আয় কমেছে দিনমজুরদের।

কুড়িগ্রাম সদর উপজেলারপাঁচগাছি বাঁধের পারের মনছের আলী বলেন, ‘হামরা নদীভাঙা মানুষ। খুব কষ্টে আছি। ঘরে হু হু করি বাতাস ঢোকে। থাকা যায় না।’

নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের মধ্যবর্তী ব্যাপারীর চরের মোকসেদ আলী ও দেলোয়ার হোসেন দিনমজুর। তাঁরা বলেন, শীতের সঙ্গে বাতাস। তাই সকাল ১০টার আগে বাড়ির বাইরে যাওয়া যায় না। এ অবস্থায় এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছেন না।

ঘণ কূয়াশার কারণে সকালে লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। কুড়িগ্রাম শহরের সবুজপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঘণ কূয়াশার কারণে সকালে লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। কুড়িগ্রাম শহরের সবুজপাড়া থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

এলাকার কয়েকজন বলেন, গত কয়েক দিন দুপুর অবধি সূর্যের দেখা মেলেনি। দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও তা দ্রুত মিলিয়ে যায়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সন্ধ্যার আগেই ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। টপটপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
কুড়িগ্রাম আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষকজাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে।
পাঁচ দিন ধরে নীলফামারীর বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, সকাল-সন্ধ্যা আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। গরু-ছাগলের শীত নিবারণের জন্য গায়ে চটের বস্তা জড়ানো হয়েছে। শহরের বড় মাঠসহ বিভিন্ন হাটবাজারে বসা পুরোনো গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের লোকজন।
বুধবার সকালে জেলা সদরের বামনপাড়া গ্রামে আগুন পোহাচ্ছিলেন মালতি বালা (৯০)। তিনি বলেন, ‘খুব জার করেছে। গরম কাপড় নাই, আগুন না তাপি কী করিম।’ একই গ্রামের সরু বালা (৫৫) বলেন, ‘দিনমজুরি করি খাই। ধান কাটি, ধান নেলাই, ধান ডাঙাই, গম নেলাই, গম কাটি, পাটা ধুই, পাটা নেলাই। এলা যে জার পড়িছে কাম করা যায়ছে না। সকালে কামত যাবার না পাইরলে আর কামত নেয় না। কাম না কইরলে খামো কী?’

গতকাল সকালে জলঢাকা উপজেলার শালন গ্রামে গিয়ে একই চিত্র দেখা যায়। কথা হয় অনন্ত বালার (৮০) সঙ্গে। তিনি বলেন, ‘জারত মুই মরি যাওছো, মেম্বার-চেয়ারম্যান কাও মোক দেখে না।’ একই গ্রামের কুমো বালা (৮৫) বলেন, ‘ঠান্ডাত মোর খিব কষ্ট বায়।’

কুন্দপুকুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নে ৩ হাজার কম্বলেও হয় না। সেখানে ১৩০টা কম্বল পেয়েছি। সেগুলো বিতরণ করেছি।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুফল চন্দ্র গোলদার বলেন, সরকারিভাবে ২২ হাজার ৬৩৯টি কম্বল পাওয়া গেছে। ইতিমধ্যে বিতরণের জন্য ১৮ হাজার ২৩৭টি কম্বল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও ১২ হাজার ৮০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো দুই-এক দিনের মধ্যে পৌঁছাবে।