বাতাস দিয়ে গ্যাসের দাম নিচ্ছে তিতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর আয়োজিত গণশুনানিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণির গ্রাহক অভিযোগ করেছেন, বাতাস দিয়ে তাঁদের কাছ থেকে গ্যাসের দাম নিচ্ছে তিতাস। পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকায় তাঁরা, বিশেষ করে শিল্পগ্রাহকেরা গ্যাসের সঙ্গে প্রচুর বাতাস কিনতে বাধ্য হচ্ছেন। এ কারণে তিতাসের কোনো সিস্টেম লস নেই। বরং তারা দশমিক ২২ শতাংশ ‘সিস্টেম গেইন’-এ আছে।
এ অভিযোগ স্বীকার করে তিতাসের পরিচালক (অর্থ) শংকর কুমার দাস বলেন, লাইনে গ্যাসের যথাযথ চাপ বজায় রাখার বিষয়টি সব সময় তিতাসের নিয়ন্ত্রণে থাকে না। বিষয়টি সঞ্চালনব্যবস্থার ওপরও নির্ভরশীল। তবে গ্রাহককে যাতে বাতাস কিনতে না হয়, সে জন্য তাঁরা বিদ্যমান মিটারের (ভলিউম্যাট্রিক) পরিবর্তে ইলেকট্রনিক (ইভিএম) মিটার প্রতিস্থাপনের কার্যক্রম শুরু করেছেন। তবে করের ভারে তাঁরা একেবারে পিষ্ট। অবস্থা এখন এমন যে মুনাফার চেয়ে কর দিতে হচ্ছে বেশি।
শুনানিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরীর এ প্রশ্নের জবাবে তিতাসের ওই কর্মকর্তা বলেন, তাঁদের বিতরণ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার শিল্পগ্রাহক রয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৮৭ জনকে ইভিএম মিটার দেওয়া হয়েছে।
এ কার্যক্রম দ্রুত চালানোর বিষয়ে তিতাসের অনীহা আছে বলে অভিযোগ করে মতিন চৌধুরী বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠানে ইভিএম মিটার স্থাপন করা হলেও সক্রিয় (অ্যাকটিভেট) করা হচ্ছে না। ফলে শিল্পগ্রাহকদের বাতাস কেনার সময় বেড়ে চলেছে। শিল্পগ্রাহকেরা গ্যাস পান না। অথচ অবৈধ লাইনে গ্যাসের অভাব নেই।
বিটিএমএর বর্তমান সভাপতি তপন চৌধুরী আরও কিছু তথ্য-উপাত্ত শুনে বলেন, তিতাসের কর্তৃত্ব গেছে সরকারের হাতে। অর্থ নিয়ে যাচ্ছে এনবিআর। কোম্পানিটির হাত-পা বেঁধে ফেলা হয়েছে। না হলে গ্রাহক এখনকার তুলনায় কিছুটা ভালো সেবা পেতে পারতেন বলে মনে হয়।
বাংলাদেশ টেরি টাওয়েল প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি খন্দকার আবদুল মুক্তাদির স্বল্প চাপের কারণে যে গ্যাস সরবরাহ করা হয় না তার দাম নেওয়া কতটা নৈতিক এবং যৌক্তিক সেই প্রশ্ন তোলেন।
গতকালের শুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, সিপিবি নেতা রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, অটো স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুল আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোশতাক সাদেক এবং সিএনজি অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন। তাঁরা সবাই গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
এর মধ্যে মোশতাক সাদেক বলেন, তিতাস শেয়ারবাজারের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান হওয়ায় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন ছাড়া সরকারকে ট্যাক্স-ভ্যাট দেওয়া, গ্যাসের দাম বাড়ানো কিংবা কমানো কোনো প্রক্রিয়াই করতে পারে না।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান গ্যাসের দাম নির্ধারণের আইনি দায়িত্ব তাঁদের বলে উল্লেখ করলে মোশতাক সাদেক প্রশ্ন করেন, সরকার বড় না বিইআরসি বড়? গত সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সময় বিইআরসি তিতাসের মুনাফার হার কমিয়ে দেওয়ায় লাখ লাখ শেয়ার ব্যবসায়ী রাস্তায় বসেছেন এবং অনেক বিদেশি শেয়ারবাজার ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর অনুসারী একদল লোক শুনানি সভায় একযোগে চিৎকার-চেঁচামেচি করে বক্তব্য দিতে থাকলে হট্টগোল বাধে। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকক্ষণ সময় লাগে।
গতকালের শুনানি গ্রহণ সভায়ও বিইআরসির সদস্য রহমান মুরশেদ ও মাকসুদুল হক উপস্থিত ছিলেন। বিইআরসির চেয়ারম্যানের অনুরোধে বুয়েটের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম কিছু পরামর্শমূলক বক্তব্য দেন।
তিতাসের প্রস্তাবে এক চুলার জন্য ১ হাজার ১০০ ও দুই চুলার জন্য ১ হাজার ২০০ টাকা করার কথা বলা বলা হয়েছে। এ ছাড়া মিটারযুক্ত আবাসিক গ্রাহকের জন্য ১৪০ শতাংশ, বিদ্যুতে ৬৩, সারে ৭১, ক্যাপটিভ বিদ্যুতে ১৩০, শিল্পে ৬২, বাণিজ্যিক গ্রাহকের ক্ষেত্রে ৭২ এবং সিএনজিতে সরবরাহ করা গ্যাসের ৮৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস।