
‘যুদ্ধের সময় পাকবাহিনী আর বিহারিরা বাঙালিগো মাইর্যা মাইর্যা এই কূপের মইদ্যে ফালাইত। যুদ্ধের পরে এইহানতে বহুত মরা মাইনষের কঙ্কাল খুঁইজা পাইছে। এইহানে ঢুকলে এহনো গাও ছমছম করে। এইহানের বাতাসে এহনো মরা মাইনষের কান্নাকাটি-চিৎকার ছোনা যায়।’
মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি নিয়ে এভাবেই স্মৃতিচারণা করেন স্থানীয় শামসুন্নাহার বেগম। শুধু তিনি নন, এ স্মৃতিপীঠে ঢুঁ মারা সবার কণ্ঠেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারের কথা। নির্যাতনের সেই সব লোমহর্ষক-নিষ্ঠুর ঘটনা শুনে শিশুরা ভয়ে আঁতকে ওঠে, বয়স্কদের চোখ বাষ্পরুদ্ধ হয়।
যুদ্ধের সময় মিরপুরের কয়েকটি এলাকা বধ্যভূমিতে পরিণত হয়। তার একটি ১০ নম্বরের এই জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ, যা একাত্তরের গণহত্যার এক করুণ অধ্যায়ের সাক্ষ্য বহন করছে।
এটি মূলত ছিল ওয়াসার একটি পরিত্যক্ত পাম্পহাউস। বিভিন্ন নথিপত্র বলছে, ১৯৯৮ সালে দেশের বধ্যভূমিগুলো চিহ্নিত ও সংস্কারের প্রকল্প গ্রহণ করা হলে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এখানে খননকাজ শুরু হয়। ৩০ ফুট গভীরের সেই সেপটিক ট্যাংক থেকে ৭০টি মাথার খুলি, ৫ হাজার ৩৯২টি অস্থিখণ্ড, শাড়ি, ফ্রক, ওড়না, অলংকার, জুতা, গেঞ্জি, টুপি, তসবিসহ নানান জিনিসপত্র পাওয়া যায়।
মিরপুরের সেনপাড়া পর্বতার রমিজ উদ্দিন তখন ১৮ বছরের যুবক। বয়সের কারণে ভয়-ডর কম। যুদ্ধ বেঁধে গেলে পরিবারের সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে নানাবাড়ি সাভারে চলে যায়। রমিজ উদ্দিন বড় বোনের শ্বশুরবাড়িতে থেকে চাষবাসের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বৈশাখের কোনো এক রাতে স্থানীয় বিহারিদের সহযোগিতায় পাকিস্তানিরা আরও সাতজনের সঙ্গে রমিজ উদ্দিনকেও ধরে নিয়ে যায়। অত্যাচার করে গলা কেটে হত্যার পর এই কূপেই তাঁর লাশ ফেলে দেয়।
প্রথম আলোকে এসব কথা বলেন রমিজ উদ্দিনের তিন বছরের ছোট ভাই সমিজ উদ্দিন মাতবর। তিনি তাঁদের বাড়িসংলগ্ন সেনপাড়া পবর্তা বাজারের রাস্তাটি ভাই রমিজ উদ্দিনের নামে নামকরণ করার দাবি জানান। পাশাপাশি, জল্লাদখানা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে আরও প্রচার দরকার বলে জানান তিনি।
জল্লাদখানাটি রক্ষণাবেক্ষণ করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এর তত্ত্বাবধায়ক প্রমিলা বিশ্বাস প্রথম আলোকে জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্যমতে প্রথম ১৯৭৩ সালে এখানে উদ্ধারকাজ চালানো হয়। তখন উদ্ধার করা তিন ট্রাক হাড়গোড় সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বরে সমাহিত করা হয়েছে। কিন্তু পাম্পের ট্যাংকের ভেতরকার দেহাবশেষ উদ্ধার করা যায়নি।
সম্প্রতি জল্লাদখানায় গিয়ে দেখা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তাসফিকুর রহমান বাবার হাত ধরে ঘুরে ঘুরে স্মৃতিপীঠ দেখছে। ছোট্ট তাসফিকুর বলে, ‘আমি সবকিছু পড়ে নিয়েছি; যাতে মাকে গিয়ে বলতে পারি।’ তারপরের প্রশ্ন, ‘আচ্ছা, ওদের (পাকিস্তানিরা) এভাবে মানুষ মারতে খারাপ লাগত না? কী নিষ্ঠুর, বাবা। আমার তো এখনো ভয় লাগছে।’
দেশের কোথায় কোথায় গণহত্যা হয়েছে—জল্লাদখানাজুড়ে সেসব তথ্য খোদাই করা। মাটির সরায় রাখা বিভিন্ন বধ্যভূমির মাটি। সেগুলোর সামনে এসে থমকে যায় দর্শনার্থীরা। স্বচ্ছ কাচের ফাঁক গলে ছুঁতে চায় শহীদদের রক্তভেজা মাটি। শিল্পী রফিকুন নবী ও মনিরুজ্জামানের আঁকা দেয়ালচিত্র ‘জীবন অবিনশ্বর’-এর সামনে অনেক দর্শনার্থীর গতি শ্লথ হয়।
সেই ভয়াল কুয়ার কাছে গিয়ে অনেক দর্শনার্থীর চোখ ভিজে যায়। কেউ অনুভব করার চেষ্টা করে সেই সব দিনের নির্মমতা। কেউবা ঝাঁপি খুলে বসেন যুদ্ধে আত্মদানকারী বাঙালিদের বীরত্বগাথা নিয়ে।
জল্লাদখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত মো. আমজাদ হোসেন। তিনি বলেন, এখানে প্রতিদিন নানান বয়সী ১৫০-২০০ জন দর্শনার্থী আসেন। শনিবার আসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আর এখানে শহীদ হয়েছেন যাঁরা তাঁদের স্বজনেরা ডিসেম্বরসহ বিভিন্ন সময় আসেন, স্মৃতিচারণা করেন।