বাতাসে ছাই, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাতালের পাশে বয়লারে চলছে ধান সেদ্ধ। এতে জ্বালা​িন হিসেবে ব্যবহার করা হচ্ছে ধানের কুঁড়া। কুঁড়ার ছাঁই বাতাসে মিশে যাচ্ছে। ছবিটি উপজেলার কানাইকান্দর পূর্বপাড়া গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
চাতালের পাশে বয়লারে চলছে ধান সেদ্ধ। এতে জ্বালা​িন হিসেবে ব্যবহার করা হচ্ছে ধানের কুঁড়া। কুঁড়ার ছাঁই বাতাসে মিশে যাচ্ছে। ছবিটি উপজেলার কানাইকান্দর পূর্বপাড়া গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

ধানের চাতালের একপাশে শ্রমিকেরা ধান সিদ্ধ করছেন। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ধানের কুঁড়া। এই কুঁড়ার ছাই বাতাসে মিশে তৈরি করেছে কালো ধোঁয়ার স্তর। এই ছাই উড়ে বাড়িঘর, গাছপালার ওপর তৈরি করছে কালচে স্তর। বাতাসে ভেসে বেড়ানো এ ছাই চাতালগুলোতে কাজ করা শ্রমিকসহ স্থানীয় বাসিন্দাদের জন্যও তৈরি করছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর, কুসুম্বী ও ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দশা এটি। এসব গ্রামে অবস্থিত চাতালগুলোতে এভাবে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ধান সিদ্ধ ও শুকানোর কাজ চলে।
ওই সব গ্রামের অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলের পর থেকে চাতালগুলোতে ধান সিদ্ধ করা শুরু হয়। এ সময় ধানের কুঁড়ার ছাই শ্বাসনালিতে ঢোকাসহ চোখে-মুখে এসে পড়ে। বাতাসের সঙ্গে ঘরের ভেতরেও ভেসে বেড়ায় ছাই।
স্থানীয় চিকিৎসক শাহ আলী বলেন, বাতাসে ছাই ভাসায় ওই সব এলাকায় চাতাল শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারাও শ্বাসজনিত রোগসহ নানা রোগে ভুগছে। চিকিৎসকের কাছে রোগীদের ভিড়ও বাড়ছে।
স্থানীয় চালকল মালিক সমিতি কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী উপজেলার ওই সব ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে মিল-চাতাল রয়েছে ৩৭৫টি। এসব চাতালে অন্তত পাঁচ হাজার নারী-পুরুষ শ্রমিক কর্মরত।
সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, পরিবেশ ছাড়পত্র নিয়েই তাঁদের সমিতির সদস্যরা মিল-চাতাল বানিয়ে ব্যবসা করছেন। তবে সমিতির সদস্য ছাড়াও ধান সিদ্ধ ও শুকানোর জন্য এ এলাকায় কমপক্ষে আরও ২০০ চাতাল রয়েছে। তিনি দাবি করেন, তাঁর সমিতির সদস্যদের বয়লারসহ যেসব মিলচাতাল রয়েছে সেগুলোর বিরুদ্ধে স্থানীয়ভাবে পরিবেশগত সমস্যা নিয়ে কোনো অভিযোগ নেই।
সরেজমিন গত শুক্রবার বিকেলে দেখা যায়, উপজেলার কানাইকান্দর পূর্বপাড়া গ্রামে স্থানীয় চাল ব্যবসায়ী আবদুর রাজ্জাকের চাতালে ধান সিদ্ধ ও শুকানোর কাজ চলছে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা ধানের কুঁড়া বাতাসে ছাই হয়ে ভেসে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আবদুর রাজ্জাক বলেন, মৃত ওসমান গণির পরিবারের কাছ থেকে তিনি ধান সিদ্ধ করার বয়লারসহ চাতালটি ভাড়া নিয়েছেন। এটির নামে পরিবেশ ছাড়পত্রও আছে বলে জানান তিনি।
উপজেলার শেরুয়া এলাকার চাল ব্যবসায়ী ইসমাইল হোসেন স্বীকার করেন, বয়লারে ধান সিদ্ধ করার সময় জ্বালানি হিসেবে ধানের কুঁড়া ব্যবহার করা হয়। এই কুঁড়ার ছাই বাতাসের সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিকেলের পর থেকে উপজেলার শেরুয়াসহ আশপাশের এলাকার বাতাসে ছাই ভাসতে থাকে।
ধান সিদ্ধ করার কাজে নিয়োজিত চাতালশ্রমিক উপজেলার আন্দিকুমড়া গ্রামের আবদুর রাজ্জাক বলেন, সংসার চালাতে চাতালে কাজ করেন। কিন্তু ছাইয়ের কারণে মাঝেমধ্যেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। চাতালমালিকেরা অবশ্য এসব অসুস্থতায় চিকিৎসার খরচসহ কোনো সহযোগিতাই করেন না।
কানাইকান্দর গ্রামের আরেক নারী চাতালশ্রমিক হালিমা খাতুন বলেন, চাতালে কাজ করা বেশির ভাগ শ্রমিক ছাইয়ের কারণে প্রায়ই অসুস্থ থাকেন। অনেক শ্রমিককেই রোগ-শোকের চিকিৎসার খরচ জোগাতে সুদে ঋণ নিতে হয়।
কানাইকান্দর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, বাতাসে ভেসে ছাই ঢুকে পড়ে বসতঘরেও। ছাইয়ের কারণে বাড়ির শিশু ও বৃদ্ধরা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, এ ধরনের সমস্যা পরিবেশ অধিদপ্তর দেখে থাকে। তা ছাড়া উপজেলার ধানের বয়লার, মিল-চাতালকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা নিয়ে তাঁর দপ্তরে কেউ অভিযোগও করেনি।
পরিবেশ অধিদপ্তরের বগুড়ার বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের সমস্যা নিয়ে তাঁর দপ্তরে কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।