বাতাসে মরিচের গুঁড়া, দুর্ভোগ
কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের দারোগাবাজারে বাতাসে উড়ছে মরিচের গুঁড়া। এ বিষাক্ত গুঁড়া পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নাক ও চোখে লেগে দুর্ভোগ বাড়াচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এক ব্যক্তি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একটি মরিচ মিল স্থাপন করে জনদুর্ভোগ বাড়ালেও প্রশাসনের নজরদারি নেই।
স্থানীয় লোকজন বলেন, এক মাস আগে স্থানীয় মগডেবা গ্রামের সেলিম মিস্ত্রি দারোগা বাজারের প্রবেশমুখে ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনের মাধ্যমে একটি মরিচ মিল চালু করেন। ফলে তীব্র শব্দের পাশাপাশি মরিচের গুঁড়া বাতাসে ছড়িয়ে পড়ছে। এতে পাশের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, বাজারে যাতায়াতরত পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী কামাল আহমদ (৪৫) বলেন, মরিচের গুঁড়া বাতাসে মিশে দোকানপাট ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ায় ছেলেমেয়েদের চোখ জ্বালাপোড়া করে। অনেকের শ্বাসকষ্ট ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, অবৈধভাবে মরিচ মিলটি স্থাপন এবং মরিচের গুঁড়া নিয়ে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মরিচ মিলটি উচ্ছেদ করা হয়নি। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সরেজমিন উখিয়া মরিচ মিলটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় এ মরিচ মিলটি স্থাপন করা হয়েছে। মিলটি বন্ধের জন্য বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।