বাতাসের গুণাগুণ সম্পর্কিত গবেষণা কেন্দ্র স্থাপন
বাতাসের গুণাগুণ সম্পর্কে গবেষণা ও পর্যবেক্ষণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টার (একিউআরএমসি)’ নামে একটি গবেষণাকেন্দ্র চালু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল বুধবার এক অনুষ্ঠানে কেন্দ্রটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। পরে সেখানে ‘এয়ার কোয়ালিটি অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস: গ্লোবাল পারস্পেকটিভ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার মো. মোখলেছুর রহমান, জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থর্স্টেন বেন্টার, ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ভন ওয়েহি বিশেষ অতিথি ছিলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে ও জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেন্টারের আওতাধীন এ গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, বায়ুদূষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এই গবেষণাকেন্দ্র বাংলাদেশের বায়ুদূষণ-সংক্রান্ত তথ্য-উপাত্ত দেওয়া ও বায়ুদূষণ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।