বাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নগরের সৌন্দর্যবর্ধনে গত বছর বিভিন্ন স্থানে লাগিয়েছিলেন ‘রোপ লাইট’। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে গাছে গাছে ও বৈদ্যুতিক তারের খুঁটিতে বাতিগুলো জ্বলে উঠলে নগরের চেহারাটাই পাল্টে যায়। কিন্তু ওই বাতিগুলো একে একে বিকল হয়ে যাচ্ছে।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২ সালে নগরের ৩০০টি বৈদ্যুতিক তারের খুঁটিতে এবং ২৫টি গাছে এই বাতি লাগানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়। খুঁটির বাতিগুলো নকশা দিয়ে তৈরি করা। ভিন্ন ভিন্ন খুঁটিতে ভিন্ন ধরনের নকশার বাতি লাগানো হয়। বাতিগুলো নগরের পামগাছগুলোতেও পেঁচিয়ে দেওয়া হয় এবং অন্য গাছগুলোর ডালপালার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। সন্ধ্যার পর রাস্তায় বের হলেই এই আলো যে কারও দৃষ্টি কাড়ে। সম্প্রতি দেখা গেছে, নগরের সাহেব বাজার এলাকা বাদে অন্য এলাকায় বৈদ্যুতিক খুঁটির বাতিগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে রয়েছে। গাছে লাগানো বাতিগুলোরও প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে।নগরের সুলতানাবাদ এলাকার বাসিন্দা চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘সন্ধ্যার পরে বাইরে বের হলে বাতিগুলোর জন্য নগরকে স্বপ্নের মতো মনে হয়। বড়কুঠি বিনোদন স্পটে গিয়ে দাঁড়ালে মনে হয় বিদেশের কোনো শহরে দাঁড়িয়ে রয়েছি।’সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘এত দিন বাতিগুলো সুন্দর জ্বলছিল। এখন সব খুলে খুলে পড়ছে। এগুলো খুব স্বল্পমূল্যের বাতি। আমি বুঝেশুনেই লাগিয়েছিলাম। যাতে নষ্ট হলে সহজেই প্রতিস্থাপন করা যায়।’রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, বাতিগুলো নিবিড় তত্ত্বাবধানে রাখতে হয়। সুন্দর এই বাতিগুলো ঠিক রাখতে তাঁরা ব্যবস্থা নেবেন।