
ব্যক্তির সীমা অতিক্রম করে সৈয়দ শামসুল হক নিজেকে এক বিপুল প্রতিষ্ঠানে পরিণত করে তুলেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের পর তিনিই বাংলা সাহিত্যের সবচেয়ে বহুমুখী প্রতিভাধর লেখক। তাঁর রচনার প্রধান বিষয় ছিল বাঙালিত্বের চেতনা। কাজেই বাঙালি জাতি যত দিন থাকবে তিনিও তত দিন বাতিঘর হিসেবে থাকবেন। এভাবেই গতকাল শনিবার নাগরিক শোকসভায় সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের অবদানের মূল্যায়ন করেছেন বক্তারা।
গত মঙ্গলবার ৮১ বছর বয়সে সমকালীন বাংলা সাহিত্যের বহুপ্রজ লেখক সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর অন্তিম ইচ্ছা অনুসারে পরদিন তাঁকে জন্মস্থান কুড়িগ্রাম জেলায় দাফন করা হয়। আজ রোববার বাদ মাগরিব সৈয়দ হকের ঢাকার গুলশান-১-এর ৬ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত গতকাল বিকেলের এই নাগরিক শোকসভায় শিক্ষা-শিল্প-সাহিত্য, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেন। ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্র ধরে স্মৃতিচারণ, কাজের মূল্যায়ন, দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে উত্তরণের জন্য তাঁর সংশ্লিষ্টতাসহ সৈয়দ হকের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়াসী ছিলেন আলোচকেরা। আলোচনার ফাঁকে ফাঁকে ছিল তাঁর কবিতার আবৃত্তি, নাটক থেকে পাঠ ও গানের পরিবেশনা। সৈয়দ হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘তাঁর কাজের মূল্যায়ন আপনারা করবেন। আমি বলব, ব্যক্তিমানুষ হিসেবে তিনি ছিলেন স্বয়ংসম্পূর্ণ। সহৃদয় এবং দায়িত্বশীল। পরিবারের সকলের খুঁটিনাটির খোঁজখবর রাখতেন। আত্মীয়স্বজন, নিকটজনের সকলের জন্মদিন, বিয়ের দিন—এসব তাঁর স্মরণ থাকত। দেশে-বিদেশে ফোন করে এসব বিশেষ দিনে তাদের শুভেচ্ছা জানাতে ভুলতেন না।’ জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ, ম. হামিদ, মান্নান হীরা, সাংসদ র আ ম মোক্তাদির চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মহিলা পরিষদের নেত্রী রেখা চৌধুরী।
স্মরণ সপ্তাহ: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজ রোববার থেকে সৈয়দ হকের কবিতা ও কাব্যনাটক নিয়ে স্মরণ সপ্তাহের আয়োজন করেছে টিএসসির সবুজ চত্বরে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিকেল ৫টায়। প্রতিদিন একই সময় অনুষ্ঠান শুরু হবে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। শোকসভা: জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ৬ অক্টোবর বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার চত্বরে অনুষ্ঠান শুরু হবে।
স্মরণ অনুষ্ঠান: বাংলা একাডেমি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে স্মরণ অনুষ্ঠান হবে ৭ অক্টোবর বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। আর বেঙ্গল ফাউন্ডেশনের স্মরণ অনুষ্ঠান হবে ৯ আগস্ট বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে।