বাতিল করা হলো ৩৬ জনের মনোনয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিএনপির পাঁচজন, আওয়ামী লীগের স্বতন্ত্র পাঁচজন ও জাতীয় পার্টির একজন রয়েছেন বাতিলের তালিকায়।

ঋণখেলাপি, ১ শতাংশ ভোটারের সই ভুয়া ও অমিল, হলফনামায় সই না থাকা, ক্রেডিট কার্ডে ঋণ থাকা, নোটারিতে সমস্যা, আয়কর রিটার্ন দাখিল না করাসহ নানা অভিযোগে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ১১টি আসনে মোট ১৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৯৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর মনোনয়নপত্র যাচাই–বাছাই করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই যাচাই–বাছাই করা হয়। বাদ পড়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করবেন বলে জানিয়েছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বাদ পড়া প্রার্থীদের মধ্যে বিএনপির পাঁচজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন, ইসলামী ঐক্যজোটের দুজন, এনপিপির ১, বাংলাদেশ মুসলিম লীগের দুজন, জাগপার একজন, গণফোরামের দুজন, জাকের পার্টির একজন এবং স্বতন্ত্র ২০ জন প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র ২০ জনের মধ্যে আওয়ামী লীগের পাঁচজন রয়েছেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসাইন এবং স্বতন্ত্র রেজাউল করিম। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ, মো. সারওয়ার হোসেন, জাসদ ইনুর বড়ুয়া মনোজিত ধীমন, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন এবং রবিউল ইসলাম।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র জাহাঙ্গীর আলম সরকার, তাঁর ছেলে স্বতন্ত্র প্রার্থী আহসানুল আলম কিশোর, বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নন বসরী, জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মোস্তাক আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম, গণফোরামের মোহাম্মদ আকবর আমিন বাবুল এবং স্বতন্ত্র দেলোয়ার হোসেন ও গোলাম কিবরিয়া।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজভিউল আহসান মুন্সী, বিএনপির রুহুল আমিন, আওয়ামী লীগের স্বতন্ত্র আবুল কালাম আজাদ, স্বতন্ত্র ইরফানুল হক ও মো. মাহবুবুল আলম। কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মো. ইউনুস, ইসলামী ঐক্যজোটের শাহ আলম, গণফোরামের শেখ আবদুল বাতেন এবং স্বতন্ত্র আবুল কালাম ইদ্রিস। কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির সৈয়দ গোলাম মহিউদ্দিন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কায়সার আলম সেলিম, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এ এফ এম সোলায়মান চৌধুরী, মো. ইসমাইল এবং মো. ফয়েজ উল্ল্যাহ।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে বিএনপির আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ মুসলিম লীগের মো. আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র মো.রুহুল আমিন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাকের পার্টির মো. তাজুল ইসলাম বাবুল।

বিএনপির প্রার্থীদের মধ্যে কুমিল্লা-৩ আসনের কে এম মজিবুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আয়কর রিটার্নের নথি না থাকায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় কুমিল্লা-৪ আসনে রুহুল আমিন, যে আইনজীবীকে দিয়ে নোটারি করেছেন তাঁর নোটারি করার মেয়াদ না থাকায় কুমিল্লা-৫ আসনের মো. ইউনুস, আয়কর রিটার্ন দাখিল না করায়, কুমিল্লা-৬ আসনে সৈয়দ গোলাম মহিউদ্দিন এবং ঋণখেলাপির কারণে কুমিল্লা -১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর দিকে ১ শতাংশ ভোটারের সইয়ে অমিল ও ভুয়া থাকার আওয়ামী লীগের স্বতন্ত্র পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা -৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহসানুল আলম কিশোর বলেন, ‘অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি আপিল করব।’ বিএনপির প্রার্থী ও চারবারের নির্বাচিত সাবেক সাংসদ ও মো. ইউনুস বলেন, ‘আমিও আপিল করব। নোটারি আইনজীবীর মেয়াদ শেষ। কিন্তু আমার তো সমস্যা নয়।’