চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাতিল (স্ক্র্যাপ) জাহাজের ওপর আরোপিত শুল্ককর টনপ্রতি এক হাজার ৫০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা বহাল রাখা এবং অতিরিক্ত তিন শতাংশ এটিভি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রীর কাছে। তিনি এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী বরাবর জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন বলে চেম্বার সূত্রে জানা যায়।ফ্যাক্স বার্তায় চেম্বার সভাপতি আরও বলেন, ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান পালনকারী এই শিল্প খাত থেকে সরকার প্রতিবছর ৮০০ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করে। কিন্তু এক বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার কারণে এই শিল্পে স্থবিরতা বিরাজ করছে। এ প্রসঙ্গে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী এই খাতকে শিল্প হিসেবে ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা অব্যাহত রাখা এখন সময়ের দাবি।