বাতিল দরপত্র গ্রহণে চেয়ারম্যানের চাপ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জিওবি ডানিডা হাইসাওয়া ফান্ড প্রকল্পের আওতাধীন কাজের বাতিল হয়ে যাওয়া দরপত্র গ্রহণের জন্য উপজেলা চেয়ারম্যান কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গত রোববার মূল্যায়ন কমিটি দরপত্রটি বাতিল করে বলে জানা গেছে।জানা গেছে, জিওবি ডানিডা হাইসাওয়া ফান্ডের আওতায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ১৩টি টয়লেট ও ১৩টি গভীর নলকূপ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি দরপত্র জমা পড়ে। রোববার মূল্যায়ন কমিটি প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট না থাকায় মেসার্স মাজহারুল ইসলাম এন্টারপ্রাইজের দরপত্রটি বাতিল করে দেয়। এ খবর শুনে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে যান। এ সময় তিনি বাতিল দরপত্রটি গ্রহণের জন্য চাপ প্রয়োগ করেন।দরপত্র গ্রহণ না করায় হাইসাওয়া ফান্ডের কনসালট্যান্ট স্বপন ঘোষকে তিনি গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।এ কাজের সর্বনিম্ন দরদাতা মেসার্স ইম্পেরিয়াল কনস্ট্রাকশনের মালিক মো. আকবর হোসেন অভিযোগ করে বলেন, ‘কাগজপত্র না থাকায় উপজেলা চেয়ারম্যানের লোকের দরপত্র বাতিল হয়ে গেলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হন। অবৈধ দরপত্রটি গ্রহণের জন্য তিনি চাপ প্রয়োগ করেন। এখন আবার ওই দরপত্রটি গ্রহণের জন্য চক্রান্ত করা হচ্ছে। এটি করা হলে আমি আইনের আশ্রয় নেব।’যোগাযোগ করা হলে জিওবি ডানিডা হাইসাওয়া ফান্ডের কনসালট্যান্ট স্বপন ঘোষ বলেন, ‘চেয়ারম্যান সাহেব দরপত্রটি বাতিল হওয়ায় ক্ষিপ্ত হন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়।’ তবে দরপত্র গ্রহণের ব্যাপারে চেয়ারম্যান চাপ দিচ্ছেন কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, ‘অন্যায়ভাবে দরপত্রটি বাতিল করা হয়। তাই দরপত্রটি পুনরায় গ্রহণের জন্য অনুরোধ করেছি। তবে বাগিবতণ্ডা বা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’