বাতিল ১৭২টি অধ্যাদেশ কার্যকরে আইন হচ্ছে
সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আদালতের রায়ে বাতিল দুই পর্যায়ে সামরিক আইনে জারি হওয়া ১৭২টি অধ্যাদেশ কার্যকর করতে নতুন আইন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে আইন প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিলের মধ্যে এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত সামরিক শাসনামলে এ অধ্যাদেশগুলো জারি করা হয়। উচ্চ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড-পরবর্তী সামরিক শাসনামলে ৮১টি এবং এইচ এম এরশাদের সামরিক শাসনামলে জারি করা ৯১টি অধ্যাদেশ অকার্যকর হয়ে পড়ে। এই অধ্যাদেশগুলো কার্যকর করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুটি অধ্যাদেশ জারি করেন। সংবিধান অনুযায়ী, জারি করা কোনো অর্ডিনেন্স পরবর্তী সংসদ অধিবেশনেই পাস করতে হয়। সে জন্য জাতীয় সংসদের গত ২৭ জানুয়ারির অধিবেশনে অধ্যাদেশ দুটি আইনমন্ত্রী শফিক আহমেদ উপস্থাপন করেন। দুই আমলে এ রকম ১৭২টি অধ্যাদেশ রয়েছে। সংশোধনসহ অধ্যাদেশের সংখ্যা ৫৫০ হবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিপুলসংখ্যক অধ্যাদেশ পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে পাস করা সময়সাপেক্ষ। এ জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ দুটি বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সংসদে তা পাস হলে কার্যকারিতা বজায় থাকবে। সরকারি কাজের ধারাবাহিকতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হবে না। ২৬ ফেব্রুয়ারির মধ্যে অধ্যাদেশ দুটি বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে।এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা আমব্রেলা ল-এর মতো হবে। মন্ত্রিসভা নীতিগত এবং ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’ তিনি জানান, যে অধ্যাদেশ যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, সেই মন্ত্রণালয় তা পর্যালোচনা করবে। যদি কোনো অধ্যাদেশের প্রয়োজনীয়তা না থাকে, তখন তা আর আইনে পরিণত করা হবে না।মন্ত্রিসভার গতকালের বৈঠকে ‘ভোটার তালিকা (সংশোধন) আইন-২০১৩’ অনুমোদিত হয়েছে। ভোটার তালিকায় নামের সংশোধনের জন্যই এই আইনটি সংশোধন করা হয়েছে। এখন জন্মনিবন্ধন বা শিক্ষাসনদে যেভাবে নাম থাকবে, সেভাবেই ভোটার তালিকায় নাম লেখা হবে।