বাতিলের এক ঘণ্টার মধ্যে আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও গৃহবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলার এক আসামির জামিন বাতিলের এক ঘণ্টার মধ্যে আবার জামিন হয়েছে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মনসুর আলম এই জামিন মঞ্জুর করেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলার ২ নম্বর আসামি গৃহবধূ সিফাতের শ্বশুর আইনজীবী হোসেন মোহাম্মদ রমজান ও অপর আসামি শাশুড়ি নাজমুন্নাহারের স্থায়ী জামিনের জন্য গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করেন তাঁদের আইনজীবীরা। এ সময় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা এই জামিন আবেদনের বিরোধিতা করেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে হোসেন মোহাম্মদ রমজানের জামিন বাতিল করে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন এবং নাজমুন্নাহারকে ১০ হাজার টাকায় ও একজন আইনজীবীর জিম্মায় স্থায়ী জামিন দেন।
আইনজীবী দিল সেতারা জানান, আসামি হোসেন মোহাম্মদ রমজানকে দুপুর ১২টার দিকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সচরাচর আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর বাদীপক্ষের আইনজীবীরা চলে আসেন। কিন্তু গতকাল আসামিপক্ষের আইনজীবীদের কিছু কথাবার্তায় তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা (বাদীপক্ষের আইনজীবী) ট্রাইব্যুনালে অপেক্ষা করতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর বিচারক আবার এজলাসে বসেন। এ সময় আসামিপক্ষের একদল আইনজীবী পুনরায় হোসেন মোহাম্মদ রমজানের জামিনের জন্য আবেদন করেন। তখন বাদীপক্ষে তিনি (দিল সেতারা) জামিনের বিরোধিতা করলেও আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে এই বলে অভিযুক্ত করেন যে তিনি একজন আইনজীবী হয়ে কেন আরেকজন আইনজীবীর জামিনে বাধা দিচ্ছেন।
দিল সেতারা বলেন, বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামিকে জামিন দিতে পারেন, কিন্তু বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য না শোনাটা মানবাধিকার লঙ্ঘনের শামিল। দ্বিতীয়বার শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক আসামি হোসেন মোহাম্মদ রমজানকে সাত দিনের জামিন দেন।
গতকাল আদালতে উপস্থিত ছিলেন সিফাতের বাবা আমিনুল ইসলাম খোন্দকার। তিনি প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের একদল আইনজীবী তাঁর আইনজীবীকে কথা বলতেই দিচ্ছিলেন না। তাঁরা আদালতে দাঁড়িয়ে মারমুখী আচরণ করেন এবং তাঁর আইনজীবীকে ভয়ভীতি দেখান। জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক দাবি করেন, প্রথমবার জামিন বাতিল করায় আসামির ‘মাইল্ড স্ট্রোক’ হয়। এই গ্রাউন্ডে তাঁরা দ্বিতীয়বার আবেদন করেন। তখন বিচারক জামিন দেন। বাদীপক্ষের আইনজীবীকে কথা বলতে না দেওয়া, ভয়ভীতি দেখানো ও মারমুখী আচরণের অভিযোগ সম্পর্কে মোজাম্মেল হক বলেন, তাঁরা তা করতে যাবেন কেন? তিনি তাঁদের সহকর্মী। এমনিতেই আসামিপক্ষে শতাধিক আইনজীবী দাঁড়িয়েছিলেন।
এই মামলায় ময়নাতদন্তের মিথ্যা প্রতিবেদন দেওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের তৎকালীন চিকিৎসক জোবাইদুর রহমানকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে। গত ২৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আহম্মেদ আলী রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। জোবাইদুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। মামলার প্রধান আসামি সিফাতের স্বামী আসিফ কারাগারে রয়েছেন। গত বছরের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় আইনজীবী হোসেন মোহাম্মদ রমজানের বাড়িতে মৃত্যু হয় সিফাতের।