প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান। এ সময় অনেকে ‘শিক্ষার্থীদের মেধা, শ্রম, যোগ্যতা নিয়ে ছিনিমিনি খেলা আর কত দিন চলবে?’, ‘পুনঃপরীক্ষা নিতে হবে’সহ নানান স্লোগানসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন আর পরিশ্রম বৃথা গেছে। দিন-রাত কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিলেও তা বিফলে গেছে। প্রশ্ন ফাঁস হওয়ার কারণে মেধার মূল্যায়ন হবে না। ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক।
মানববন্ধনে বক্তব্য দেন সাকিব চৌধুরী, রাকিব আহমেদ, আল কাদেরী জয় প্রমুখ। একই দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।