বাতের সমস্যা দেখা দিচ্ছে ৫-১০ ভাগ রোগীর
চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে দীর্ঘমেয়াদি গেঁটে বাতের (আর্থাইটিস) সমস্যা দেখা দিচ্ছে। আবার অন্য রোগে ভোগা ব্যক্তিরা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে সমস্যা অনেক বেশি জটিল হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের গবেষণার প্রাথমিক পর্যবেক্ষণে এমন তথ্য এসেছে। গবেষকেরা জানিয়েছেন, এসব রোগীর শারীরিক পরিস্থিতি তাঁরা স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে পর্যবেক্ষণ করবেন।
ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী এবং গবেষণার সঙ্গে জড়িত চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে আসা রোগী নিয়ে এই গবেষণা করা হচ্ছে। গবেষণার নেতৃত্ব দিচ্ছেন মেডিসিন বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান।
চিকিৎসকেরা দেখেছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তির জ্বর তিন থেকে চার দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু রোগীদের একটি অংশের বাত দেখা দিচ্ছে। রোগীদের হাঁটু, হাতের কবজি, পায়ের পাতা-গোড়ালি ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। কারও কারও ক্ষেত্রে এই ব্যথা তীব্র আকারে দেখা দিচ্ছে।
প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে দুই ধরনের সমস্যা চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। একটি হচ্ছে আর্থ্রালজিয়া। এতে অস্থিসন্ধিতে ব্যথা হয়। অন্যটি হচ্ছে আর্থাইটিস বা গ্রন্থি বাত বা গেঁটে বাত। এতে ব্যথার পাশাপাশি অস্থিসন্ধি জমে যায়। এ ক্ষেত্রে কবজি নাড়াতে বা হাঁটতে কষ্ট হয়।
তবে এ নিয়ে এর আগে দেশে তেমন কোনো গবেষণা হয়নি। আর চলমান এই গবেষণাও এখনো শেষ হয়নি। তবে আফ্রিকার একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে গবেষণা দলের সদস্য হুমায়ুন কবির বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত ৮৭.৯ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ৩.৭ শতাংশের মাঝেমধ্যে অস্থিসন্ধিতে ব্যথা হয়। ২.৮ শতাংশ অস্থিসন্ধি শক্ত হওয়ার কথা বলে। আর অস্থিসন্ধি নাড়াতে পারে না বা ৩ মাস থেকে কয়েক বছর ব্যথা থাকে এমন রোগী ৫.৬ শতাংশ।
গবেষণা দলের সদস্যরা বলছেন, ঢাকা শহরের ১০ থেকে ১১ শতাংশ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত। ঢাকা শহরে ১ কোটি ৮২ লাখ মানুষের বাস। এদের ৫.৬ শতাংশ দীর্ঘমেয়াদি সমস্যায় ভোগার অর্থ হবে প্রায় এক লাখ মানুষ একটা লম্বা সময়ের জন্য সুস্থ জীবন যাপন করতে পারবে না। এরা নিয়মিত কাজে বা স্কুল-কলেজে যেতে পারবে না। এটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করবে।
চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন সুনির্দিষ্ট নজির গবেষকদের পর্যবেক্ষণে পড়েনি। তবে তাঁরা দেখেছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে স্নায়বিক সমস্যা দেখা দিয়েছে, কারও হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে, কারও কিডনির সমস্যা দেখা দিয়েছে।
ঢাকা মেডিকেলের নতুন ভবনে (ডিএমসি-২) মেডিসিন বিভাগে বাতরোগ চিকিৎসার কেন্দ্র ছিল। চিকুনগুনিয়ার প্রকোপ দেখা দেওয়ার পর এই কেন্দ্রের নাম হয়েছে পোস্ট চিকুনগুনিয়া আর্থাইটিস সেন্টার। আগে এখানে দৈনিক গড়ে ১৫ জন বাতের রোগী আসত, এখন রোগী দ্বিগুণ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ভবনের ৪২৪ ও ৫৩০ নম্বর কক্ষে এসব রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
গবেষণার প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, চিকুনগুনিয়ার কারণে বাতে আক্রান্ত ৫০ শতাংশ রোগীর ছোট-বড় সব ধরনের অস্থিসন্ধিতে ব্যথা হচ্ছে। ৩০ শতাংশ রোগীর হাঁটু ও মেরুদণ্ডে ব্যথা। আর বাকি ২০ শতাংশ রোগীর ব্যথার সুনির্দিষ্ট কোনো স্থান নেই।