সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অনেক বাথরুমের দরজা ভাঙা ও সিটকিনি না থাকায় রোগীদের বেকায়দায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী রোগীরা বেশি ঝামেলায় পড়ছেন।গতকাল শনিবার বেলা দুইটায় সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের চতুর্থ তলায় ৩ নম্বর ওয়ার্ডের (মহিলা) বাথরুমগুলোর সিটকিনি ভাঙা এবং দরজার নিচের অংশ নেই। ফলে বাথরুমে যখনই কোনো রোগী প্রবেশ করছেন, তখন বাইরে থেকে আরেকজন দরজা টেনে ধরে দাঁড়িয়ে থাকছেন। ওই ওয়ার্ড ছাড়াও হাসপাতালের ২২টি ওয়ার্ডের প্রায় ১৮টির বাথরুমের সিটকিনি না থাকা ছাড়াও দরজা ভাঙা ও পানি রাখার পাত্রের সংকট রয়েছে। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ লেগে রয়েছে।৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর মা সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা জরিনা বেগম বলেন, ‘বাথরুমের সিটকিনি না থাকায় সমস্যা হচ্ছে। তাই দরজা ধরে দাঁড়িয়ে আছি। অসুস্থ মেয়ে বাথরুম সেরে বের হলে আমি ঢুকব। তখন সেও এভাবে দরজা ধরে দাঁড়িয়ে থাকবে।’ শাহীন আহমদ নামের এক রোগীর আত্মীয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘হাসপাতালে ভাতিজারে আনছি সুস্থ করনের লাইগা। কিন্তু বাথরুমের যে দুর্গন্ধময় অবস্থা, তাতে আমি নিজেই অসুস্থ হইয়া পড়তাছি।’৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, ‘বাথরুমগুলোতে সব সময় কাদামাটি থিকথিক করে। দুর্গন্ধে টেকা দায়। মশা-মাছি তো রয়েছেই। সবচেয়ে বড় সমস্যা, দরজার নিচের অংশ ক্ষয়ে যাওয়ায় বাথরুমে বসলে বাইরে থেকে সবকিছু দেখা যায়। এ ছাড়া বদনাও নেই।’হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত ৯০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী চিকিৎসা নেন। গতকাল বহির্বিভাগে এক হাজার পুরুষ ও এক হাজার ৩০০ নারী চিকিৎসাসেবা নিয়েছেন। এ ছাড়া অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নেন। হাসপাতালে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালের বাথরুমের বেহাল অবস্থার কারণে রোগীরা বিপাকে পড়ছেন।এ ব্যাপারে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে যাতে কোনো রোগী দুর্ভোগ ও ভোগান্তিতে না পড়েন, সেদিকে আমাদের সার্বক্ষণিক নজর রয়েছে। বাথরুমের সমস্যাগুলো নির্ধারণ করে সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে পিডব্লিউডির কর্মকর্তাদের জানানো হবে।’