বাথানের গরুর কদর বেশি
ভোলার শতাধিক চরে শত শত গরু, ছাগল, ভেড়া ও মহিষ চরে বেড়ায়। চরের ঘাস ছাড়া এসব পশু আর কিছু খায় না। এ জন্য কোরবানির ঈদ সামনে রেখে এসব বাথানের পশুর কদর খুব বেশি। স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন ট্রলারে ও ট্রাকে করে ভোলার কোরবানির পশু যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন বাজারে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলায় ৩ লাখ ৮৩ হাজার ৯৩৪টি গরু, ২ লাখ ৫০ হাজার ৩০টি ছাগল, ১৫ হাজার ভেড়া ও ৯৫ হাজার মহিষ আছে। ছোট-বড় ৭ হাজার ৭৩৩টি খামার রয়েছে। এ ছাড়া আরও এক লাখের বেশি পরিবার গবাদিপশু পালন করছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা চর রামদাসপুর, গাজীপুর, রামদেবপুর, বিরামপুর, ভাদুরিয়া, চটকিমারা, গাজীরচর, চর হোসেন; দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর, চরপাতা, হাজিরহাট; বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর; তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, সোনারচর, বাসনভাঙা; মনপুরা উপজেলার ঢালচর, কলাতলী, চরনিজাম, চরফয়েজুদ্দিন; চরফ্যাশন উপজেলার মিজিবনগর, কুকরিমুকরি, ঢালচরসহ শতাধিক চরের ঘাষ খাচ্ছে গরু, ছাগল, ভেড়া ও মহিষের বাথান। ভোলার হাটগুলোতে চরের পশুই ওঠে। এখানে ভারত বা অন্য এলাকার কোনো পশু দেখা যায়নি; বরং ভোলার বিভিন্ন নৌঘাট থেকে ট্রলারে করে প্রতিদিন শত শত গরু বাইরের জেলায় যাচ্ছে। ট্রাকে করেও পাঠানো হচ্ছে কোরবানির পশু।
কমপক্ষে ৫০ জন বর্গা পশুপালনকারী প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্ন চরে বসবাস করা পরিবারের শিশু ও নারীরা মূল ভূখণ্ডের মানুষের কাছ থেকে পশু বর্গা নেয়। সারা বছর চরের ঘাস খাওয়ায়। এসব পশুর ক্রয়মূল্য বাদ দিয়ে লাভের অর্ধেক তারা পায়। এতে প্রতিটি গরুতে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়। এ ছাড়া বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে কোরবানির দু-তিন মাস আগে পশু ক্রয় করেন ছোট খামারিরা। তাঁরা দেশীয় পদ্ধতিতে কৃমিনাশক বড়ি খাওয়ানোর পরে নিয়মিত ধান, ধঞ্চে, সয়াবিন ও খেসারি সেদ্ধ, চিটাগুড়, খইলভুসি, খরকুটো, কাঁচা ঘাস খাইয়ে গরু মোটাতাজা করেন। পরে কোরবানির হাটে বিক্রি করে ঋণের টাকা শোধ করেন।
এবার বর্গা পশু বিক্রি করে সদর উপজেলার কালিয়া ইউনিয়নের কাচিয়া মাঝেরচর বারাইপুরের মো. বাবুল ৯৭ হাজার টাকা, আলম ১১ হাজার, কালু ডাক্তার ৮২ হাজার, মো. শাহাবুদ্দিন ২০ হাজার, সিরাজ ৮ হাজার, মো. আবদুর রব ১৪ হাজার টাকা আয় করেছেন। একই ইউনিয়নের আবদুল মালেক পাঁচটি গরু ও তিনটি ছাগল বিক্রি করে আয় করেছেন ৯৫ হাজার টাকা।
রতন ব্যাপারী, আবদুল মালেক ব্যাপারী, মো. কামাল ব্যাপারীসহ ১২ জন বলেন, সারা বছরই ভোলার গরু বাইরের জেলায় সরবরাহ করা হয়। কোরবানির ঈদ উপলক্ষে ভোলা থেকে কমপক্ষে ৫০ হাজার গবাদিপশু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।
ভোলার বেসরকারি সংস্থাগুলো কোরবানির ঈদ সামনে রেখে কোটি কোটি টাকা ঋণ দেয়। এ বছর গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ৮ কোটি টাকা, কোস্টট্রাস্ট ২ কোটি, পল্লীসেবা সংস্থা ১ কোটিসহ একাধিক বেসরকারি সংস্থা প্রায় ২০ কোটি টাকা ঋণ দিয়েছে।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতারুল আলম বলেন, তিনি এ বছর ১০০ গরু ঢাকায় নিয়ে বিক্রি করবেন। তাঁর প্রতিটি গরু এক থেকে পাঁচ লাখ টাকা দাম উঠবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার বলেন, গত এক সপ্তাহে ভোলার উপজেলার বিভিন্ন হাটে ১২টি চিকিৎসক দল কাজ করছে। পরীক্ষা করে গত সোমবার পর্যন্ত কোনো অসুস্থ পশু পাওয়া যায়নি। চরের গরু সুস্থ, সবল ও স্বাস্থ্যসম্মত। এ বছর ভোলায় অন্তত ৯৬ হাজার পশু কোরবানি হবে। এ চাহিদা পূরণ করেও বিপুলসংখ্যক পশু বাইরের জেলায় যাচ্ছে।