বাদ গেলেন তৃণমূলে জেতা প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী নিয়ে একের পর এক নাটক চলছে। শেষ পর্যন্ত দুই দলেরই তৃণমূলের ভোটে চূড়ান্ত প্রার্থীরা বাদ পড়েছেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। বিএনপির সমর্থন পেয়েছেন দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন। বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের সাতজন ও বিএনপির পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। গত ২৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চূড়ান্ত করতে গাজীপুর ক্লাবে তৃণমূলের ভোটের আয়োজন করা হয়। সেখানে নির্বাচিত হন ছাত্রলীগের নেতা রেজাউল করিম।
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, গত পাঁচ বছরে কালিয়াকৈরের বিভিন্ন পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেন কামাল ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। এতে দলের অনেক নেতা-কর্মী তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া বিভিন্নভাবে সুবিধাবঞ্চিত ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা কামালের পরিবর্তে তরুণ নেতা রেজাউল করিমকে নির্বাচিত করেন। তবে দলীয় প্রার্থী সমর্থন দেওয়া নিয়ে জেলার শ্রীপুর উপজেলায় দলের দুই পক্ষের নেতা-কর্মীদের সংঘর্ষ ও একজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
কমিটি শ্রীপুরের পাশাপাশি কালিয়াকৈরেও দল-সমর্থিত প্রার্থী পরিবর্তন করে। কালিয়াকৈরে রেজাউলকে বাদ দিয়ে কামালকে চেয়ারম্যান পদে সমর্থনের ঘোষণা দেয় কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ। এরপর রেজাউলকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কামালের পক্ষে কাজ করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বাকি তিনজন প্রার্থী হিসেবে রয়ে গেছেন। ৩ মার্চ উপজেলা বিএনপির কার্যালয়ে তৃণমূলের ভোটের আয়োজন করেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম। সেখানে তৃণমূলের ভোটে জয়ী হন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ। তবু দল-সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা চালিয়ে যান হেলাল উদ্দিন। ৬ মার্চ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান মুঠোফোনে হেলাল উদ্দিনকে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর পরও পারভেজ ও হেলার প্রচারণা চালিয়ে যান।
সর্বশেষ ১৩ মার্চ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দল-সমর্থিত প্রার্থী হিসেবে হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয় এবং পারভেজকে নির্বাচন থেকে সরে গিয়ে হেলালের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে পারভেজকে নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না। আবার হেলালের পক্ষেও কাজ করতে দেখা যাচ্ছে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তেই প্রার্থী বদল করা হয়েছে। এখন কামাল উদ্দিন সিকদারই দলীয় প্রার্থী। সবাই তাঁর পক্ষেই কাজ করছেন।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে পারভেজ আহাম্মেদকে নির্বাচন থেকে সরে যেতে বললে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আমরা সবাই হেলাল উদ্দিনের পক্ষে কাজ করে যাচ্ছি।’