বাদ পড়লেও সাংসদ থাকছেন লতিফ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি শেষ করেছে সরকার। পবিত্র হজ নিয়ে আপত্তিকর বক্তব্য ও প্রধানমন্ত্রীর পুত্রকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হলেও গতকাল পর্যন্ত তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি।
লতিফ সিদ্দিকী পদত্যাগপত্র জমা না দিলে ইচ্ছার বিরুদ্ধেই তাঁকে অব্যাহতি দেওয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে কোনো মন্ত্রীকে এভাবে অপসারণ করার নজির নেই। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বলেন বা মন্ত্রীরা নিজ থেকেই পদত্যাগ করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, লতিফ সিদ্দিকী পদত্যাগ না করায় আজ রোববারের মধ্যে তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিয়েছে সরকার। এ-সংক্রান্ত ফাইল হাতে হাতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সই নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আজকের মধ্যে পদত্যাগপত্র পাঠালে পরিস্থিতি হবে ভিন্ন। সে ক্ষেত্রে পদত্যাগপত্র গ্রহণ করা হবে। একই সঙ্গে দলের পক্ষ থেকেও ব্যবস্থা নিতে আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
এদিকে তাঁর ভাই আবদুল কাদের সিদ্দিকী গতকাল এক সংবাদ সম্মেলনে হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের নিন্দা জানিয়ে এ জন্য আল্লাহ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
সাংসদ থাকছেন: আবদুল লতিফ সিদ্দিকী মন্ত্রিসভা ও দল থেকে বাদ পড়লেও সংসদ সদস্য পদ থাকছে। আইনজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী কোনো সাংসদকে দল থেকে বহিষ্কার করা হলেও সাংসদের পদ যাবে না। দলের প্রাথমিক সদস্যের পদ হারালে সে ক্ষেত্রে স্বতন্ত্র সাংসদ হিসেবে থাকবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দল থেকে বাদ দিলেও সংসদ সদস্যের পদ থাকবে। সে ক্ষেত্রে স্বতন্ত্র হয়ে যাবেন। আর প্রাথমিক সদস্যের পদ থাকলে দলীয় সাংসদ হিসেবেই থাকবেন। একই কথা বলেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদও।
সাম্প্রতিক বছরগুলোতে কোনো মন্ত্রীকে অব্যাহতি দেওয়ার নজির আছে কি না, জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ধরনের পরিস্থিতি হলে সাধারণত মন্ত্রীরাই পদত্যাগ করে থাকেন। লতিফ সিদ্দিকীরও উচিত ছিল বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষার জন্য নিজ থেকেই পদত্যাগ করা।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কেউ রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করে সাংসদ হলে তিনি যদি দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তাঁর পদ শূন্য হবে। লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে তা হয়নি।
লতিফ সিদ্দিকীর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, রাষ্ট্রপতির সইয়ের পরই প্রজ্ঞাপন জারি হবে। তবে কবে, কোন প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি। লতিফ সিদ্দিকী নিজ থেকে পদত্যাগ করেছেন, নাকি অব্যাহতি দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রজ্ঞাপনে বিষয়টি বলা থাকবে।