বাদ পড়ল আরও ৪৬ হাজার রোহিঙ্গা
কক্সবাজারের ছয়টি উপজেলার খসড়া ভোটার তালিকা থেকে আরও ৪৬ হাজার রোহিঙ্গার নাম বাদ দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা এই রোহিঙ্গারা গত বছর খসড়া ভোটার তালিকা তৈরির সময় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ও নানা কৌশলে তাদের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ উঠেছিল।কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, গত বছরের অক্টোবরে কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির ১২টি উপজেলায় খসড়া ভোটার তালিকা হালনাগাদ করার সময় মিথ্যা তথ্য দিয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা ভোটার হওয়ার প্রমাণ পায় নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে গত ডিসেম্বরে এই ১২ উপজেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখা হয়। উপজেলাগুলো হলো—কক্সবাজারের টেকনাফ, উখিয়া, সদর, রামু, চকরিয়া ও পেকুয়া; পার্বত্য বান্দরবানের সদর উপজেলা, নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা এবং রাঙামাটির কাপ্তাই ও বিলাইছড়ি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব উপজেলায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ৭২ হাজার ৬৮৪টি আবেদনপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪৮ হাজার ৬৭৩ জন ভোটার হওয়ার উপযুক্ত তথ্য-প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর মধ্যে কক্সবাজার জেলার ৪৫ হাজার ৮৬৬ জন, বান্দরবানের দুই হাজার ২২০ জন এবং রাঙামাটির ৫৫৭ জন রয়েছেন।গত ২১ জুলাই পৃথকভাবে এই তিন জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৩ আগস্টের মধ্যে প্রকাশিত তালিকার ব্যাপারে আপত্তি কিংবা দাবি জানানোর সুযোগ ছিল। আগামী ৯ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।এর আগে গত বছর খসড়া ভোটার তালিকা তৈরির সময় প্রায় এক লাখ রোহিঙ্গাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।