বাদ পড়লেন বিতর্কিত উপদেষ্টারাও

মন্ত্রিসভায় অনেক প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাদ পড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যেও বাদ পড়েছেন তিনজন।
প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টার মধ্যে পাঁচজন—এইচ টি ইমাম, মসিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, মোদাচ্ছের আলী ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী নির্বাচনকালীন সরকার গঠনের আগে পদত্যাগ করেছিলেন।
তাঁদের মধ্যে এইচ টি ইমাম, মসিউর রহমান আবার ফিরে এলেও অন্য তিনজনের জায়গা হয়নি। এ ছাড়া নির্বাচনকালীন সরকারে বহাল থাকা গওহর রিজভী এবং তারেক আহমেদ সিদ্দিকী আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন আহমেদ, মোদাচ্ছের আলী এবং তৌফিক-ই-ইলাহি চৌধুরী।
বিদ্যুত্ ও জ্বালনিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে নিয়ে নানা বিতর্ক থাকলেও পাঁচ বছর দোর্দণ্ড প্রতাপে জ্বালানি মন্ত্রণালয়ে কাজ করেছেন তিনি। নানা মহল থেকে তাঁকে নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে। আরেক উপদেষ্টা মোদাচ্ছের আলী স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তাঁকে নিয়েও নানা সমালোচনা রয়েছে। হল-মার্ক কেলেঙ্কারির বিষয়ে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের সঙ্গে উপদেষ্টার সম্পর্ক নিয়ে সমালোচনা রয়েছে।
নির্বাচনকালীন সরকারের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, জিয়াউদ্দিন বাবুল, শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়া। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন মঞ্জু নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেও অন্য তিনজনের মন্ত্রী কিংবা উপদেষ্টা পরিষদ কোনোটিতেই ঠাঁই হয়নি।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত।