বাদ পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম গেজেটভুক্তির দাবি
জাতীয় সংসদে পাস হওয়া তালিকা থেকে বাদ পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে গতকাল সোমবার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাহালে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাইকেল মানড্রি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালের ১২ এপ্রিল সংসদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ পাস হয়। সংসদে প্রকাশিত তফসিলে মোট ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম স্থান পায়। ওই তালিকায় মাহালি, মাহাতো, মালো, রাজোয়াড়, মশহুর, ভুইয়া, কোডা, কর্মকার, সিং, রাই, পাত্র, কর্নিদাস, গড়াৎ, গণ্ড, চাইমাল, ছত্রী, তেলী, নুনিয়া, পল্ল, বাগদি, ভুইমালী ও ভুমিজসহ সমতলের আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম বাদ পড়ে। এর ফলে এসব গোষ্ঠীর সংস্কৃতি বিলুপ্তির পথে।
লিখিত বক্তব্যে বলা হয়, সংসদে ওই তালিকা প্রকাশের পর থেকেই বাদ পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সংস্কৃতিমন্ত্রী ও সাংসদদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত গোষ্ঠীগুলোর নাম তফসিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে অগ্রগতি না হলে ২ অক্টোবর ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।