বাদ পড়া শিশুদের খোঁজা ও বড়ি খাওয়ানো স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়া থেকে বাদ পড়া শিশুদের খোঁজা ও তাদের এসব খাওয়ানোর কাজ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। কবে এই কাজ শুরু হবে, তা নির্দিষ্ট করে কেউ বলছেন না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খায়নি, এমন শিশুর সংখ্যা কত, সেই হিসাবও সংশ্লিষ্ট দপ্তরে নেই।এদিকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বা কৃমিনাশক বড়ি খাওয়ানো শিশুদের নিয়ে হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বাবা-মায়ের ভিড় ছিল না। যারা ভর্তি ছিল, তারা প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে।সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে গত মঙ্গলবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’র সঙ্গে একটি কৃমিনাশক বড়ি খাওয়ানোর কর্মসূচি ছিল। সেদিন হরতাল থাকায় এবং ভিটামিন ‘এ’ নিয়ে বিভিন্ন গুজবের কারণে অনেক মা-বাবা শিশুকে ক্যাপসুল বা বড়ি খাওয়াননি। অনেকে টিকাকেন্দ্রে গিয়েও ফিরে গেছে। টিকাকেন্দ্রে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ঢুকতে না দেওয়া বা মাঠকর্মীকে নাজেহাল করার ঘটনাও ঘটে। তবে শিশুদের অনুপস্থিতির সংখ্যা বা হার গতকাল পর্যন্ত জানা যায়নি।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সারা দেশের টিকাকেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি সরবরাহ করেছে। পুরো কর্মসূচির সমন্বয়ও করেছে তারা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এখলাসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে শিশুদের খোঁজার কাজ স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশ এলে আবার কাজ শুরু হবে। তবে কত শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক খায়নি, সেই হিসাব তাঁরা গতকাল পর্যন্ত শেষ করতে পারেননি।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী ১২ মার্চ (মঙ্গলবার) ক্যাপসুল ও বড়ি খেতে না পাওয়া শিশুদের ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত খুঁজে বের করে তা খাওয়ানোর কথা ছিল। তবে ১৩ মার্চই তা স্থগিত করা হয়।এ ব্যাপারে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, অনিবার্য কারণে বাদ পড়া শিশুদের খোঁজা এবং ক্যাপসুল ও বড়ি খাওয়ানো স্থগিত করা হয়েছে। খুব শিগগির কাজটি আবার শুরু করা হবে।শিশুদের প্রতি ছয় মাস অন্তর ভিটামিন ‘এ’ খাওয়ানোর কথা। সর্বশেষ খাওয়ানো হয়েছিল গত বছরের জুলাই মাসে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে খাওয়ানোর তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু ভিটামিনের মান সম্পর্কে নিশ্চিত হতে সরকার দুই দফা দেশের বাইরে তা পরীক্ষা করায়। এতে বিলম্ব হয় দুই মাস।