বাদ পড়া ২০২ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭তম বিসিএস পরীক্ষায় প্রথমবারে উত্তীর্ণ ২০২ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা রায় স্থগিতের জন্য সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৫ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।জানা যায়, ২৭তম বিসিএসের দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় বাদ পড়া ২০২ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রথম ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ২০২ জনকে নিয়োগ না দেওয়া অবৈধ ঘোষণা করে রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাঁদের নিয়োগ দিতে নির্দেশ দেন। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ২২ মার্চ সরকার নিয়মিত লিভ টু আপিল করে।গতকাল আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী আবদুর রব চৌধুরী ও আবদুল মতিন খসরু মামলা পরিচালনা করেন।২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুধু মৌখিক পরীক্ষা বাতিল করে আবার তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ সালের ৩০ মে দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষার ফলাফলে তাঁদের মধ্যে এক হাজার ১৩৭ জন বাদ পড়েন।বঞ্চিতদের মানববন্ধন: দ্রুত নিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের সামনের চত্বরে মানববন্ধন করেছেন ২৭তম বিসিএসে প্রথমবারে উত্তীর্ণ নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। এ সময় তাঁরা পিএসসির চেয়ারম্যান সা’দত হোসাইনের পদত্যাগও দাবি করেন।