বাদ পড়া ২৮০ জনকে অন্তর্ভুক্ত করে ফলপ্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে বাদ পড়া ২৮০ জন আদিবাসীকে অন্তর্ভুক্ত করে ফল প্রকাশ করতে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় দেন।

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রথম ফলাফল গত বছরে ৮ জুলাই প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী। ১৪ জুলাই প্রকাশিত পুনর্মূল্যায়িত ফলাফলে উত্তীর্ণ হন ৪৬ হাজার ২৫০ জন। এতে প্রথম ফলাফলে উত্তীর্ণ ২৮০ জন আদিবাসী বাদ পড়েন। প্রথম ফলাফলে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয় ফলাফলে বাদ পড়া পরীক্ষার্থী বিনয় টপ্পুসহ ৫৮ জন পরীক্ষার্থী এ নিয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর ৩১ জুলাই আদালত রুল জারি করেন। সেই সঙ্গে ২৮০ জনের বাদ পড়ার কারণ জানাতে বলা হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ডেপুটি আটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রায়ের পর জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, আদালত ওই নির্দেশ দিয়ে রুল নিষ্পত্তি করেছেন। ফলে বাদ পড়া ২৮০ জনকে অন্তর্ভুক্ত করে ফলাফল প্রকাশসহ পরবর্তী পদক্ষেপ নিতে আর কোনো বাধা রইল না।