বাদ পড়ার পরও বিএনপি, আ.লীগের একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র যাচাই–বাছাই শেষে নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপির এবং একটি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন।

এ নিয়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে বেশির ভাগ নেতা-কর্মীই তাকিয়ে আছেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বরের দিকে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব এম এম মাহবুব উদ্দিন খোকন দলীয় মনোনয়ন প্রার্থী। এ আসনে দলটির আরও দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মামুনুর রশিদ মামুন ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাই শেষে তিনজনকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তন্ময় দাশ। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান সাংসদ এইচ এম ইব্রাহিমেরও মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে।

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছেন দুজন। তাঁরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। দুজনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ মোরশেদ আলমের মনোনয়ন বৈধ হলেও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাংসদ মামুনুর রশিদের মনোনয়ন টিকলেও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করা পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু এবং কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাজী মাযহারুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের একক প্রার্থী। এখানে বিএনপির হয়ে নির্বাচন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও তাঁর স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ। তাঁদের দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সাংসদ আয়েশা ফেরদাউসের মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আলীর মনোনয়নও বৈধ বলে ঘোষণা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।