বাদল ও তাঁর স্ত্রীকে দুদকের সম্পদ বিবরণী নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি আইএফআইসি ব্যাংকের অপসারিত পরিচালক লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর সম্পদের অনুসন্ধান করছে সংস্থাটি।

আজ শনিবার দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা এই নোটিশ পাঠিয়েছেন বলে সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে।

সূত্র জানায়, একই সঙ্গে বাদলের স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধেও সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এই দুজনকে সম্পদ বিবরণী দুদকের সচিব বরাবর জমা দিতে বলা হয়েছে। অন্যথায় দুদক আইনের ২৬ (২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ মে লুৎফর রহমান বাদলের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। তাঁর সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে স্ত্রীকেও সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।