বাদল ফরাজির মুক্তি নিয়ে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদল ফরাজির ফাইল ছবি
বাদল ফরাজির ফাইল ছবি

দীর্ঘ ১০ বছর ভারতে কারাবাসের পর দেশে ফেরত আনা বাদল ফরাজির কারামুক্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার আবেদনটি উত্থাপন হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন।

আদালত বলেছেন, ভারতের আদালতের রায়ে দেখা যাচ্ছে, সে দেশের একটি হত্যা মামলায় বাংলাদেশের বাদল ফরাজিকে সাজা দিয়েছেন। সরকার তাঁর (বাদল ফরাজি) বিষয়ে ইতিবাচক। সরকার পদক্ষেপ নিয়ে বাদল ফরাজিকে এ দেশে নিয়ে এসেছে। এখন তাঁর ব্যাপারে সরকারই হয়তো পরবর্তী কোনো পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে সরকারের প্রতি বাদল ফরাজির মুক্তির বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া সমীচীন হবে না। তাই রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো।

এর আগে ৬ জুলাই বাদল ফরাজিকে দেশে ফেরত আনা হয়। সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে ভারতের ওই মামলায় নাম-বিভ্রাটের কারণে বাদল ফরাজির সাজা হয়েছে বলে উল্লেখ করে তাঁর কারামুক্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ৮ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ কাওছার রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।

পরে মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি হত্যা মামলায় বাদল ফরাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ভারতের আদালত। বাদল ফরাজি বাংলাদেশের নাগরিক এবং ওই অপরাধের জড়িত—এটিও বিচার্য ছিল বলে ওই রায়ে এসেছে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে বাকি সাজা এ দেশের কারাগারে ভোগ করার জন্য বাদল ফরাজিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে এসব নথিপত্র আদালতে দাখিল করা হয়। আদালত সন্তুষ্ট হয়ে ওই অভিমত দিয়ে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। 

গণমাধ্যমের খবরে জানা যায়, ২০০৮ সালের ৬ মে নয়াদিল্লির অমর কলোনির এক বৃদ্ধা খুনের মামলায় বাদল সিং নামের এক আসামিকে খুঁজছিল ভারতের পুলিশ। ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ বাদল ফরাজিকে গ্রেপ্তার করে। ইংরেজি বা হিন্দি জানা না থাকায় তিনি বিএসএফ সদস্যদের কাছে নিজের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ভারতে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, নিম্ন আদালতের রায়ে খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ২০১৫ সালের ৭ আগস্ট বাদলকে দোষী সাব্যস্ত করেন দিল্লির আদালত। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্টেও একই সাজা বহাল থাকে। ঘটনা জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুরক্ষা বিভাগে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এরপর আইন মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখা এবং কারা অধিদপ্তর থেকে মতামত চাওয়া হয়। বাদলের বিষয়টি জানার পর গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।