বাদল রহমানের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারে গতকাল এসেছিলেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার বাদল রহমান। ছিলেন নীরব, নিথর, নিস্পন্দ। কাফনে মোড়া শরীরে ঘুমিয়ে ছিলেন। বন্ধু-সহপাঠী, স্বজন-শুভানুধ্যায়ী আর সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন আসেন তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানাতে। শহীদ মিনার থেকে বনানী কবরস্থান। সেখানেই চিরশায়িত হলেন বাদল রহমান। গত শুক্রবার রাত সাড়ে চারটায় বাদল রহমান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান। শনিবার সকালে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে তাঁকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিত্বের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এরপর একে একে শ্রদ্ধা জানানো হয় তথ্যসচিব কামাল আবুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ছায়ানট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, নৃত্যশিল্পী সংস্থা, জাসদ, পথনাটক পরিষদ, আরটিভি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, আরণ্যক নাট্যদল, নাগরিক নাট্যসম্প্রদায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবাহনী লিমিটেড, ঋষিজ শিল্পীগোষ্ঠী, পদাতিক নাট্য সংসদ, ঢাকা ক্লাব, রেইনবো ফিল্ম সোসাইটিসহ আরও অনেক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের যৌথ আয়োজনে বাদল রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন মুস্তাফা মনোয়ার, সৈয়দ হাসান ইমাম, আসাদুজ্জামান নূর, আলী যাকের, মামুনুর রশীদ, মোরশেদুল ইসলাম, সাইদুল আনাম টুটুল, ইকরাম আহমেদ, সাব্বির চৌধুরী প্রমুখ। শহীদ মিনার থেকে বাদল রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ তাঁর স্ত্রীর কবরে পাশে সমাহিত করা হয়। সংশোধনী: গতকাল শনিবার প্রথম আলোতে বাদল রহমানের মৃত্যুর খবরে ভুলবশত ছাপা হয়েছে ‘তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন’। কিন্তু প্রকৃতপক্ষে তাঁর স্ত্রী ২০০৫ সালে মারা গেছেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।