নারায়ণগঞ্জে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাদল রায়, তাঁর স্ত্রী ও পুত্রকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপম এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বাদল, স্ত্রী নয়ন তারা ও ছেলে কৃষ্ণ রায় জামিনে ছাড়া পেয়ে যেতে পারেন—এমন খবরে শত শত আমানতকারী গতকাল আদালতপাড়ায় ভিড় জমান। আদালত সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। বৃহস্পতিবারও এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন শুনানিতে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে প্রয়োজনে কারাফটকে তাঁদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন একই আদালত। তবে গতকাল পুনরায় রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন এটি নিশ্চিত করেছেন। শহরের দেওভোগ এলাকার বাদল রায় দুটি অনুমোদনহীন সমিতির মাধ্যমে আমানতকারীদের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে গত বৃহস্পতিবার পালিয়ে যান। পরে ঢাকার ধামরাইয়ের বেলেশ্বর গ্রামের একটি বাড়ি থেকে স্ত্রী-পুত্রসহ বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। আমানতকারীদের একজন থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।