বাদলের বিদেশ যাওয়া স্থগিত
আইএফআইসি ব্যাংকের পরিচালক লুৎফুর রহমান বাদলের বিদেশ যেতে বাধা না দেওয়াসংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা ৩ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ৩ মার্চ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।বাদলের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন। এই নির্দেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদনটি করে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাদলের পক্ষে আইনজীবী ছিলেন শেখ ফজলে নূর তাপস।গতকালের আদেশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বাদলকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ ৩ মার্চ পর্যন্ত চেম্বার বিচারপতি স্থগিত করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনা তদন্তে সরকার একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। এখন তদন্ত চলছে। আবেদনকারীকে (বাদল) বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হতে পারে।প্রসঙ্গত, শেয়ারবাজারে সাম্প্রতিক ধসের ঘটনায় বিভিন্ন চক্রের কারসাজির রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এ ধরনের একটি চক্রের সঙ্গে লুৎফর রহমান বাদলেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ আছে।