বাদশা পোশাকশ্রমিক, পুলিশ তাঁকে ধরে নিয়ে হত্যা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত বাদশা মিয়া ডাকাত বা সন্ত্রাসী নন, পোশাকশ্রমিক বলে দাবি করেছেন তাঁর স্ত্রী রুবিনা আক্তার। তাঁর অভিযোগ, পুলিশই তাঁর স্বামীকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।
নিহত বাদশার বিরুদ্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো থানায় মামলা বা অভিযোগ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে বাড্ডা থানার পুলিশ। তবে গত বুধবার মধ্যরাতে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলিতে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় বাদশার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে ওই থানার পুলিশ।
বাদশার স্ত্রী রুবিনা গতকাল দুপুরে স্বামীর লাশ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান। লাশ শনাক্ত করার পর তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোর কাছে দাবি করেন, বাদশা টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন, টঙ্গীতেই থাকতেন। তিনি ডাকাত বা সন্ত্রাসী ছিলেন না। তাঁর বিরুদ্ধে কোনো থানায় মামলা বা সন্ত্রাসের অভিযোগ নেই। তাঁর কাছে কখনো অস্ত্রও ছিল না। তা হলে বাদশা পুলিশকে গুলি করলেন কী করে? তিনি স্বামী হত্যার ন্যায়বিচার দাবি করেন।
রুবিনা বলেন, এই হত্যার পেছনে কার কী স্বার্থ ছিল, তা তিনি জানেন না। তিনি থাকেন বরগুনার আমতলীর উত্তর টিয়াখাল গ্রামে শ্বশুরবাড়িতে। সামান্য বেতন থেকে বাদশা তাঁর জন্য প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা পাঠাতেন। ওই টাকায় তিনি কষ্টে চলতেন। তিনি জানান, দুই বছর আগে বাদশার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁকে বাদশা তাঁর কাছে আনলেও খরচ চালাতে না পেরে গ্রামে পাঠিয়ে দেন। তাঁদের সন্তান নেই। পুলিশ খবর দেওয়ায় তিনি লাশ নিতে ঢাকায় এসেছেন।
রুবিনার সঙ্গে লাশ নিতে বাদশার কয়েকজন স্বজনও এসেছিলেন। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে হস্তান্তরের পর তাঁরা লাশ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় বাদশার বিরুদ্ধে পুলিশের করা দুই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন সন্ধ্যায় জানান, বুধবার রাতের ঘটনার আগে বাদশার বিরুদ্ধে কোনো থানায় মামলা বা সন্ত্রাসের অভিযোগ খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানার চেষ্টা অব্যাহত আছে। বাদশার দুই সহযোগীকে গ্রেপ্তার করা যায়নি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলও গতকাল একই কথা জানান।
বুধবার রাত পৌনে ১২টার দিকে পোস্ট অফিস গলির একটি চায়ের দোকানের সামনে বন্দুকযুদ্ধে বাদশা মিয়া গুলিবিদ্ধ হন। রাত একটার দিকে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনার বিষয়ে বাড্ডা থানার ওসি বৃহস্পতিবার দাবি করেন, তিন যুবককে সন্দেহ হওয়ায় কর্তব্যরত টহল পুলিশ তাঁদের থামতে বললে তাঁরা পুলিশকে গুলি করেন। জবাবে পুলিশ গুলি করলে বাদশার পায়ে গুলি বিদ্ধ হয়। তাঁর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। বাদশা পল্লবীর কালসী রোডে থাকেন। ওই যুবকেরা ডাকাতি করতে যাচ্ছিলেন।