
পুরোনো একখানা সাইকেল নিয়ে প্রায়ই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সাইকেলের সামনে ও পেছনে মানুষকে সচেতন করার জন্য লেখা থাকে বিভিন্ন স্লোগান। সাইকেলের হ্যান্ডেলে ও তাঁর নিজের গলায় ঝোলানো থাকে বিভিন্ন সবজিবীজে ভর্তি বোতল। পতিত জমি রয়েছে এমন পরিবারের সদস্যদের কাছে বিনা মূল্যে সেই বীজ বিতরণ করেন। কীভাবে বীজ বপন করতে হয়, তা-ও শিখিয়ে দেন। নিজের খরচে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় বিতরণ করেন। স্থানীয় ব্যক্তিদের কাছে তিনি ‘সাইকেল বাদশা’ নামে পরিচিত।
পুরো নাম বাদশা আলম (৩৫)। পেশায় তাঁতশ্রমিক। বাড়ি পাবনার বেড়া উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে জগন্নাথপুর গ্রামে।
ছোটবেলা থেকেই বাদশা যেন একটু আলাদা। গ্রামের কেউ বিপদে পড়লে সবার আগে ছুটে যেত খুদে বাদশা। কাউকে হাসপাতালে নিতে হলে, ওষুধ কিনে আনার দরকার হলে বা বাজার থেকে জরুরি কোনো জিনিসের প্রয়োজন হলে হাজির হতো বাদশা। এভাবেই ধীরে ধীরে হয়ে উঠেছেন সবার প্রিয়পাত্র। এরই মধ্যে তাঁর মাথায় ঢুকে যায় ছন্দের পোকা। নিজেই ছন্দ মিলিয়ে সমাজ-সচেতনতামূলক নানা স্লোগান লিখে গ্রামের বিভিন্ন স্থানে সেঁটে দিতে থাকেন। ধীরে ধীরে বাড়তে থাকে এর কার্যক্রম। পেশাদার শিল্পী দিয়ে টিনের ওপর সাইনবোর্ড আকারে বাল্যবিবাহ, যৌতুক, মাদকবিরোধীসহ সচেতনতামূলক নানা স্লোগান লিখিয়ে গ্রামের বাইরেও সাঁটাতে শুরু করেন। সাত-আট বছর আগে ভাঙাচোরা সাইকেল কিনে তাতেই শুরু করেন মানুষকে সচেতন করার প্রচারণা। আর সেই প্রচারণার সঙ্গে সবজির বীজ বিতরণের কার্যক্রম যুক্ত হয়েছে পাঁচ থেকে ছয় বছর ধরে।
কথা হলো বদশা মিয়ার সঙ্গে। বললেন, ‘মানুষ ও সমাজের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। ভেবে ঠিক করলাম, আমার নিজের গ্রামসহ আশপাশের যে গ্রামগুলো রয়েছে, সেই সব জায়গার পতিত জমি থাকলে তা মানুষকে ব্যবহার করতে শেখাব। সেই উদ্দেশ্য থেকেই লাউ, কুমড়া, ঢ্যাঁড়স, শসা, শিম প্রভৃতি সবজির বীজ জোগাড় করে তা বিনা মূল্যে বিভিন্ন এলাকায় সাইকেলে চড়ে বিতরণ শুরু করি। আর এর পাশাপাশি স্লোগানের লিফলেট বিতরণের কাজ তো রয়েছেই।’
অবসর সময়ে বাদশা গ্রামের কৃষকদের সবজি চাষে সহায়তা করেন। কৃষকেরাও জানেন বাদশার বিনা মূল্যে বীজ বিতরণের কথা। তাঁরা বীজ উৎপাদনের সময় বাদশার জন্যও বেশি করে উৎপাদন করেন। সেখান থেকেই বিনা মূল্যে মেলে বীজ। এরপর সেই বীজ প্লাস্টিকের বিভিন্ন বোতলে ভরে অবসর সময়ে তিনি বেরিয়ে পড়েন বিতরণ করতে। গত পাঁচ-ছয় বছরে তিনি বেড়ার অর্ধশতাধিক গ্রামের কয়েক শ বাড়িতে বীজ বিতরণ করেছেন। তিনি সবাইকে শিখিয়েও দেন কী করে, কোন জায়গায় বীজ বপন করলে ভালো ফলন পাওয়া যায়। মাঝেমধ্যে নিজেই বিভিন্ন বাড়ির পতিত জায়গা খুঁজে বীজ বপন করেন।
২৫ এপ্রিল বেড়া পৌরসভার শেখপাড়া ও মৈত্রবাঁধা মহল্লায় গিয়ে দেখা যায়, বাড়ি বাড়ি ঘুরে বাদশা বিভিন্ন সবজির বীজ বিতরণ করছেন। শেখপাড়া মহল্লার রেখা খাতুন বলেন, ‘কয়েক মাস আগে বাদশার কাছ থেকে লাউয়ের বীজ নিয়েছিলাম। অনেক লাউ পেয়েছি। আজ শিম ও ঝিঙার বীজ নিলাম। ফেলে রাখা জায়গা থেকেও যে বাড়তি আয় হয়, বাদশা না এলে জানতামই না।’
কথা হয় হাটুরিয়া-নাকালিয়া ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বললেন, ‘ছেলেটি (বাদশা) তার সীমিত সামর্থ্য দিয়ে মানুষ ও সমাজের জন্য কাজ করছে। ওর একটা পরোপকারী মন আছে। আমি ওর মঙ্গল কামনা করি।’
বাদশা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি দুই সন্তানের জনক। তাঁতশ্রমিকের কাজ করে প্রতিদিন আয় করেন ২০০-২৫০ টাকা। তাঁর স্ত্রী মিনারা খাতুনও সংসারের কাজের ফাঁকে তাঁতের কাজ করেন। তাঁদের দুজনের আয়ে চলে সংসার। বাদশা বলেন, প্রতি মঙ্গলবার তাঁত বন্ধ থাকে। ওই দিন তিনি স্লোগান-সংবলিত সাইকেল আর বীজ নিয়ে বের হন। সপ্তাহের অন্য কোনো দিন তাঁত বন্ধ থাকলে সেদিনও বের হন।
স্ত্রী মিনারা বলেন, ‘প্রথম প্রথম তাঁর (বাদশা) কাজকাম দেইখ্যা মনে হইত পাগলামি করত্যাছে। কিন্তু এহন দেখি তিনি সবার ভালো করতেছেন। সবাই তাঁর প্রশংসা করে দেইখ্যা আমারও খুব ভালো লাগে।’