তামাক চাষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফারুয়া ইউনিয়নের মানুষ। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এই ইউনিয়নের রেংখ্যং নদীর দুই ধারে একসময় যেসব জায়গায় তামাক চাষ হতো, এখন সেখানে বাদাম আর শিম চাষে চলছে বিপ্লব।
গত চার বছরে ফারুয়া ইউনিয়নে এ পরিবর্তন ঘটেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা একসময় না বুঝে লাভের আশায় তামাক চাষ করেছি। এখন তামাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ বছর তামাকের একটি চারাও কোথাও রোপণ করা হয়নি।’
ফারুয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলেছে রেংখ্যং নদী। সেই নদী দিয়ে ৫০ কিলোমিটারের বেশি এলাকা ঘুরে দেখা গেছে, দুই পারে নানা শাক-সবজি এবং বাদাম ও শিম চাষ হচ্ছে। এলাকাবাসী জানান, কিছু কিছু মৌসুমি সবজির চাষ হলেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাদাম আর শিম।
চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা আরও জানান, ফারুয়া ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সংরক্ষিত বনের আওতাধীন। এখানকার সবাই ভূমিহীন এবং ‘ফরেস্ট ভিলেজার’ হিসেবে পরিচিত। তাই বন বিভাগের কাজের ওপর নির্ভরশীল। ফরেস্ট ভিলেজাররা বন বিভাগের অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারে না।
ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা বলেন, ‘বন বিভাগ সংরক্ষিত বনের ভেতরে চাষবাসের কড়াকড়ি কিছুটা শিথিল করায় ১০-১২ বছর আগে মৌসুমি সবজির চাষ শুরু হয়। কিন্তু দুর্গমতার কারণে উৎপাদিত সবজি বিক্রি সম্ভব হতো না। এ অবস্থায় লাভের আশায় তামাক চাষ শুরু হয়। কিন্তু তামাক চাষের ক্ষতিকর দিক জানতে পেরে বাদাম ও শিমের চাষ শুরু হয়। বাদাম ও শিম একই জায়গায় একসঙ্গে চাষের পাশাপাশি দীর্ঘ সময় সংরক্ষণও সম্ভব। ফলে চাষিদের লোকসানের সম্ভাবনা নেই।’
স্থানীয় হেডম্যান প্রিয় তঞ্চঙ্গ্যা জানান, তাঁরা জরিপ করে দেখেছেন যে ফারুয়া ইউনিয়নে আড়াই হাজার একরের (২ দশমিক ৪৮ একরে এক হেক্টর) বেশি জমিতে বাদাম, শিম ও সবজি চাষ হয়। এর মধ্যে সমতল জমিতে ধান চাষের পর বাদাম ও শিম চাষ হয়। তবে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে ফারুয়া ইউনিয়নের এক হাজার ৫০০ থেকে ৭০০ একর জমিতে বাদাম ও শিম চাষ হয়।
ওরাছড়ি গ্রামের বাসিন্দা নতুনবাবু তঞ্চঙ্গ্যা, শুক্করছড়ি গ্রামের আনন্দ তঞ্চঙ্গ্যাসহ চাষিরা জানান, এক একর জমিতে চাষ করে ৩৫ থেকে ৪০ মণ দুই দানা ও তিন দানা বাদাম এবং ১০ থেকে ১২ মণ শিমের বিচি পাওয়া যায়। গত বছর বাদাম মণপ্রতি বিক্রি হয়েছে চার হাজার ২০০ থেকে ৫০০ টাকা দরে এবং শিমের বিচি বিক্রি হয়েছে তিন হাজার ২০০ থেকে ৫০০ টাকা দরে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) তরুণ ভট্টাচার্য বলেন, ‘ফারুয়ায় বাদাম ও শিম চাষের বিপ্লব সম্পর্কে আমাদের জানা আছে। তামাক চাষের ক্ষতিকর দিক এবং বাদাম ও শিম চাষের লাভের বিষয়ে ফারুয়ার লোকজনকে নিয়ে কয়েকবার সভা করেছি। যেসব জায়গায় এখনো তামাক চাষ হচ্ছে, সেসব এলাকার চাষিরা ফারুয়ার লোকজনকে অনুসরণ করতে পারে।’