বাদামখেতে বজ্রপাত, বাবা-মা-মেয়ের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরমঈনূট ঘাট -সংলগ্ন মাথাভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা গেছেন বাবা শেখ আরজান (৪৫), মা আনোয়ারা বগম (৩৫) ও মেয়ে বিথী আক্তার (১৫)। এঁরা সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের কুপারাম গ্রামের বাসিন্দা। নিহত অপরজন হলেন চরভদ্রাসনের মাথাভাঙ্গা এলাকার জমির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪০)।
এলাকাবাসীরা জানান, এই চারজন চরভদ্রাসনের মাথাভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরের একটি খেত থেকে বাদাম তুলছিলেন। এ সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। এরপর বাবা, মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বিল্লালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, মৃত তিনজন একই পরিবারের সদস্য। তাঁদের বাড়ি সদরপুর উপজেলায়। অন্যজন চরভদ্রাসন উপজেলার বাসিন্দা।