বাদামচাষির হাসি ছুঁয়েছে নারীদের
বাদামের ফলন ও দাম ভালো হওয়ায় পাবনার বেড়ার বাদামচাষিরা এবার খুশি। তাঁদের মতো একই রকম খুশি উপজেলার ১৫ থেকে ১৬টি বাদাম প্রক্রিয়াজাতকারী কারখানার পাঁচ শতাধিক নারী শ্রমিক। তাঁরা এখন কারখানাগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাদামের খোসা ছাড়ানোর কাজে। এই কাজ করে তাঁরা প্রতিদিন আয় করছেন ১৩০ থেকে ১৬০ টাকা।
বাদামচাষি ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের বেশির ভাগ এলাকা যমুনার চরাঞ্চল নিয়ে গঠিত। এসব চরাঞ্চল এরই মধ্যে দেশের প্রধান বাদাম উৎপাদনকারী এলাকা বলে খ্যাতি অর্জন করেছে। এবার প্রায় সাড়ে নয় হাজার বিঘা জমিতে বাদামের চাষ হয়েছে। বিঘাপ্রতি গড়ে প্রায় সাড়ে ছয় মণ বাদাম উৎপাদিত হয়েছে।
উত্তরাঞ্চলের বাদাম বিক্রির প্রধান হাট বেড়ার নাকালিয়া হাটে রোববার গিয়ে বাদামের প্রচুর আমদানি দেখা গেছে। প্রতি মণ বাদাম এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাদামচাষিরা জানান, এমন দাম পেয়ে তাঁরা খুশি।
নয়নপুর গ্রামের শাহজাহান আলী বলেন, ‘বাদাম চাষে একেক বিঘ্যায় সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হইছে। সে জায়গায় একেক বিঘায় সাড়ে পাঁচ মণ বাদাম পাইছি। হাটে নিয়্যা এই বাদাম এক হাজার ৯০০ টাকা মণ দরে বেচছি। এতে একেক বিঘ্যায় পরায় সাত হাজার টাকা লাভ হইছে।’ বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘এবার বাদামের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি কৃষকেরা ভালো দামও পেয়েছেন। এতে এলাকার কৃষকেরা বেশ খুশি।’ জানা গেছে, চরের বাদামের ওপর ভিত্তি করে উপজেলার নগরবাড়ী, নাটিয়াবাড়ী, কাজীরহাট, কাশীনাথপুর প্রভৃতি এলাকায় গড়ে উঠেছে ১৫ থেকে ১৬টি বাদাম প্রক্রিয়াজাতকারী কারখানা। এসব কারখানায় কাজ করেন পাঁচ শতাধিক নারী। বাদামের খোসা ছাড়িয়ে ঝেড়েমুছে পরিষ্কার করাই তাঁদের কাজ।
কারখানার মালিকদের সূত্রে জানা গেছে, খোসা ছাড়ানো বাদাম প্রাণ, রুচিসহ বিভিন্ন বাদামজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এ ছাড়া স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকার আরও অনেক নাম না-জানা প্রতিষ্ঠানের লোকজন কারখানাগুলোতে এসে বাদাম (খোসা ছাড়ানো) সংগ্রহ করে নিয়ে যায়। বেড়া পৌরসভার হাতিগাড়া মহল্লার একটি বাদাম কারখানার ব্যবস্থাপক নিজামউদ্দিন বলেন, তাঁর কারখানায় ২৫ জনের মতো নারী শ্রমিক কাজ করেন। এখানকার বাদাম কারখানাগুলোতে নারী শ্রমিকদের দিয়েই কাজ করানো হয়। তাঁর কারখানায় মাসে ৫০০ মণের বেশি বাদাম প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন খাদ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। নগরবাড়ীর একটি কারখানায় কাজের ফাঁকে বসন্তপুর গ্রামের হাজেরা বেগম (৬০) বলেন, ‘পরায় (প্রায়) ২২ বছর ধইর্যা বাদাম কারখানায় কাম করি। এই সব কারখানা আমাগরে মতো গরিব মানুষের প্যাটের ভাতের ব্যবস্থা কইর্যা দিছে।’