বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাটে মৌসুমি ফলের সমাহার
দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার পুরান ঢাকার বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাটে এখন মৌসুমি ফলের বিপুল সমাহার। প্রতিটি আড়ত ও পাইকারি দোকানই আম, জাম, লিচু, আনারস, কাঁঠালসহ নানান সুস্বাদু ফলে ভরপুর। বাজারে পাইকারি ও খুচরা ক্রেতাদেরও রয়েছে উপচে পড়া ভিড়।
সদরঘাট ও বাদামতলীর ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে দেশি বিভিন্ন ফলের সমাহার আরও প্রায় দুই মাস থাকবে। আসন্ন পবিত্র রমজানে ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে ফলের দাম। দেশি ফলের প্রাচুর্যের কারণে বিদেশি ফলের চাহিদা এখন কিছুটা কম।
দেশি ফলের বাজার সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দিনে ৫০ থেকে ৬০ ট্রাক মৌসুমি ফল বাদামতলীতে আসছে। এতে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার বেচাকেনা হয়। বিদেশি ফলের মধ্যে খেজুর, আপেল, মালটা, আনার—এসবের চাহিদা রয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌসুমি ফলে ভরপুর হয়ে উঠেছে বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাটের ফলের আড়ত ও পাইকারি দোকান। এসব আড়ত ও দোকানে উঠেছে বিভিন্ন জাতের আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, পেয়ারা, পেঁপে, সফেদা, কামরাঙা, আনারস, জামরুল, ডালিম, কাঁচা তাল, লটকন, কলাসহ নানা রকম ফল। পাশাপাশি বিদেশি ফলের মধ্যে আপেল, কমলা, আঙুর, মালটা, নাশপাতি, আনার, খেজুর, চেরি, স্ট্রবেরি রয়েছে।
এর মধ্যে খুচরা বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৪০ থেকে ১২০ টাকা। জামরুল, জাম ও লটকন ১০০ থেকে ১২০ টাকা, লিচু প্রতি শত ৩৫০ থেকে ৪৫০ টাকা, কাঁঠাল পাওয়া যাচ্ছে আকারভেদে প্রতিটি ২৫০ থেকে ৪০০ টাকায়, আনারস প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা তাল প্রতিটি ১০ থেকে ১২ টাকা, পেয়ারা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
সদরঘাটের একটি খুচরা দোকানে আম ও লিচু কিনছিলেন ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, এই মৌসুমে দেশি ফলের বিকল্প নেই। কিন্তু পাইকারি ও খুচরা বাজারের মধ্যে প্রতিটি ফলের দামে গড়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যবধান রয়েছে। এ ছাড়া ফলে ফরমালিন নিয়ে এখনো আতঙ্ক কাটেনি।
বাদামতলী ফলের আড়তের সিয়াম ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী কামাল আহমেদ জানান, গ্রীষ্মের দেশি ফল যেমন সুস্বাদু, তেমনি রসেও ভরপুর। তাই এই মৌসুমে দেশি ফলের অনেক চাহিদা রয়েছে। এখন প্রায় সব মৌসুমি ফলই বাজারে আছে। শুরুতে দাম বেশ চড়া থাকলেও ক্রমেই তা কমছে। ফরমালিনের কোনো আশঙ্কা নেই। এ ছাড়া সব বিদেশি ফল এখন তিনটি ধাপে পরীক্ষা করার পর বাজারজাতের অনুমতি দেওয়া হয়।
বাদামতলীর ব্যবসায়ী খায়রুল কবির বলেন, রমজান ও মৌসুমি ফলের মৌসুম একই সময়ে হওয়ায় বাজারে দেশি ফলের কোনো অভাব হবে না। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকবে। ক্রেতারা ন্যায্য দামেই ফল কিনতে পারবেন।