বাদামতলীর পাইকারি বাজারে শুধুই বিদেশি ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় পাইকারি ফলের বাজার পুরান ঢাকার বাদামতলী এখন পুরোপুরি বিদেশি ফলনির্ভর হয়ে পড়েছে। ফল আমদানিকারকেরা বলছেন, শীতের মৌসমে দেশি ফল উৎপাদন কম হওয়ায় বিদেশি ফলই একমাত্র ভরসা। তবে বিদেশি ফলের বিক্রিও মন্দা বলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।
পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলছেন, গতবারের চেয়ে এ বছর ফরমালিন নিয়ে আতঙ্ক কম হওয়ায় বিদেশি ফলের চাহিদা বেড়েছে। এই আতঙ্কে গত বছর ফল আমদানি প্রায় অর্ধেকে নেমে আসে। ধীরে ধীরে এ আতঙ্ক কমে যাচ্ছে। এখন তিনটি ধাপে বিদেশি ফল পরীক্ষা করা হয় বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশে শীত মৌসুমে ফল উৎপাদন কম হয়। তাই বিদেশি ফল বেশি করে আমদানি করতে হয়। আর দেশি ফল যখন বাজারে আসে, তখন চাহিদা না থাকলে বিদেশি ফল আমদানি করা হয় না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাদামতলী ফলের আড়তের সব দোকানেই বিদেশি ফলের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। এসব ফলের মধ্যে আছে বিভিন্ন ধরনের আপেল, কমলা, ডালিম ও আঙুর। খুচরা বাজারের ক্রেতারা দরদাম করে এসব ফল কিনছেন। তবে ফলের পাইকারি বাজার ঘুরে দেশীয় কোনো ফল দেখা যায়নি। সদরঘাট এলাকার কয়েকটি খুচরা দোকানে দেশীয় ফলের মধ্যে কুল ও কলা দেখা গেছে।
বাদামতলীতে বাবুবাজার-সদরঘাট সড়কের ফুটপাতে বসে খুচরা আপেল বিক্রি করছিলেন আবদুল মতিন। তিনি বলেন, সাধারণত দেশি ফল খুচরা বিক্রি করলে লাভ বেশি হয়। কিন্তু বিদেশি ফল এখন আর আগের মতো বিক্রি হয় না। দিন শেষে চালান ওঠাতে অনেক সময় কষ্ট হয়।
বাদামতলী ব্যবসায়ী সূত্র জানায়, দেশের প্রায় ৭০ শতাংশ বিদেশি ফল চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। বাকি ৩০ শতাংশ আমদানি হয় সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বুড়িমারী ও হিলির স্থলবন্দর দিয়ে। এসব স্থান দিয়ে ফল আমদানি করার সময় তিন ধাপে ফল পরীক্ষা-নিরীক্ষা শেষে তা বাজারে ছাড়ার অনুমতি দেয় সরকার। আর ফলে মাত্রাতিরিক্ত ফরমালিন বা ক্ষতিকর কোনো কিছু থাকলে ফল বাজারজাতে অনুমতি দেওয়া হয় না।
মো. সিরাজুল ইসলাম বলেন, ফরমালিন আতঙ্কে গত বছর ফল আমদানি অনেক কমে গিয়েছিল। কিন্তু এখন ব্যবসা-বাণিজ্য আবার আগের অবস্থায় চলছে। বাদামতলীর প্রায় ৭০০ ফলের দোকানে দিনে প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকার ফল বেচাকেনা হয়। এখন বিদেশি ফলের দাম বেশি। চলতি মাসের শেষের দিকে ভারত থেকে বিভিন্ন ফল আসতে শুরু করলে ফলের দাম ক্রমান্বয়ে কমবে বলে তিনি জানান।