বাদামের ফলন ভালো কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর চরে চীনাবাদাম চাষ করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের চাষিদের মুখে হাসি ফুটেছে।ইতিমধ্যে দৌলতপুরের রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে এবং গোয়ালন্দের দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তোলার কাজ শুরু হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দৌলতপুরের চরাঞ্চলে মাইলের পর মাইলজুড়ে বাদামখেত। বাদাম পরিপক্ব হয়ে ওঠায় এখন পুরোদমে তা সংগ্রহে ব্যস্ত কৃষকেরা। তাঁদের সহযোগিতা করছেন কিষানিরাও। একই অবস্থা গোয়ালন্দের চরাঞ্চলে।দৌলতপুরের মরিচা ইউনিয়নের বৈরাগীর চরের কৃষক সাইদুর রহমান জানান, প্রতি মণ কাঁচা বাদাম বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়। এক বিঘা জমি থেকে এবার ১৫ থেকে ১৬ মণ বাদাম পাওয়া যাচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ হচ্ছে। বাদামের ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা বেশ খুশি। রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা চরের কৃষক সিরাজুল ইসলাম জানান, নিজস্ব বুদ্ধি-বিবেচনায় তিনি এ ফসলের আবাদ করেছেন। কৃষি বিভাগের লোকজন কখনো খোঁজখবর রাখেননি।দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘চলতি মৌসুমে চরাঞ্চলে প্রায় ৪০০ হেক্টর জমিতে বাদামের চাষ করেছেন কৃষকেরা। প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় ফলনও ভালো হয়েছে। আমরা কৃষকদের সাধ্যমতো সহযোগিতা দিয়ে আসছি।’ তবে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি বিভাগের দেওয়া তথ্যের দ্বিগুণ জমিতে এবার বাদামের চাষ হয়েছে।এদিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশন ও মজলিশপুর এবং দৌলতদিয়ার বাহিরচরে আগে কোনো ফসলের চাষ হতো না। দুই বছর ধরে এসব জায়গায় বাদামের চাষ হচ্ছে। এ বছর ভালো ফলন হয়েছে।উজানচরের তারা মাতুব্বর গ্রামের মো. হাচেন শেখ (৫০) বলেন, ‘পাঁচ বছর আগেও এইহানে পানির ধার ( স্রোত) থাহায় কোনো কিছুই আবাদ হতো না। চার বছর ধইরা নদীর কিনারে বালির চর পড়তে থাকলে কোনো রহমে বাদামের আবাদ শুরু করি। অহন দুই বছর ধইরা পুরোদমে আবাদ করছি। আল্লায় দিলি অহন ভালোই বাদাম পাইছি। বিঘাপ্রতি ১২ থেকে ১৩ মণ করে বাদাম হইচে।’ একই ধরনের কথা বলেন দৌলতদিয়ার গেন্দু বেপারীপাড়ার কৃষক সাইদ মুন্সি (৪০), রজব আলীসহ (৫০) বেশ কয়েকজন।গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল হক বলেন, উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয়েছে প্রায় ৬৩০ হেক্টর জমিতে। এর মধ্যে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলই বেশি।