বাদামের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে এবার চিনাবাদামের বাম্পার ফলন হয়েছে। দর ভালো পাওয়ায় বাদামচাষিরা এ বছর বেজায় খুশি। হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের পর ব্রহ্মপুত্র নদের পানি নেমে যায়। তখন নদের বুকে জেগে ওঠে চর। সেই চরে চিনাবাদামের চাষ করেন কৃষকেরা। কয়েক বছর ধরে সাড়ে তিন হাজার কৃষক পাকুন্দিয়া ও হোসেনপুর চরাঞ্চলের বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বাদাম চাষে তাঁদের উৎসাহ দিন দিন বাড়ছে। অথচ, এক যুগ আগেও এসব চরে মিষ্টি আলু ছাড়া অন্য কিছু চাষ করা হতো না। চাষিরা জানান, গত বছর ফলন ও বাজারদর দুটোই ভালো হওয়ায় এ বছর তাঁরা অধিক পরিমাণ জমিতে বাদাম চাষ করেন। ইতিমধ্যে চরের কৃষকেরা ৮০ ভাগ বাদাম ঘরে তুলেছেন।হোসেনপুরের চর পিতলগঞ্জ গ্রামের বাদামচাষি মো. রহমত আলী (৫২) বলেন, ‘বাদাম চাষে লাভ বেশি। বাদাম ফলাইতে সার ও কীটনাশক লাগে না।’ এবার তিনি চরের চার কাঠা জমিতে বাদাম চাষ করেছেন। তাঁর খরচ হয়েছে এক হাজার ৬০০ টাকা। বাদাম পেয়েছেন সাড়ে সাত মণ। এক হাজার ৩০০ টাকা মণ দরে দাম আসে নয় হাজার ৭৫০ টাকা। এ জমিতে তিনি আবার আমন ধান ও মরিচ চাষ করবেন। পাকুন্দিয়ার মঠখলা গ্রামের বাদামচাষি বিল্লাল হোসেন জানান, পাকুন্দিয়া ও হোসেনপুর এবং স্থানীয় পিতলগঞ্জ বাজার থেকে পাইকারেরা তাঁদের বাদাম কিনে নেন। ফলে তাঁদের কোনো পরিবহনব্যয় নেই। পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম ও হোসেনপুরের সাহেবের চর ইউনিয়নের সিদলা গ্রামের ইউপি সদস্য শহীদ মিয়া জানান, সাহেবের চর, বিশ্বনাথপুর, চরজামাইল, চরটেকি, এগারসিন্দুর, মির্জাপুরসহ ২০টি গ্রামের বিস্তীর্ণ চরে চিনাবাদামের চাষ করে তাঁরা বছরের খরচ জোগান। হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল আমিন ও পাকুন্দিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, গত কয়েক বছর হোসেনপুর ও পাকুন্দিয়ার চরে প্রায় ৩০০ একর জমিতে বাদাম চাষ হলেও এ বছর আরও বেশি জমিতে চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ২০০ মেট্রিক টন বাদাম। এ এলাকার বাদাম আকারে বড় ও গুণগত মান ভালো। কদরও বেশি। ভালো দর পাওয়ায় চরবাসী বাদাম চাষের দিকে ঝুঁকছেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ লুৎফুন্নেছা বলেন, ‘চর এলাকায় বাদাম খেতে সবুজের সমারোহ দেখতে ভালো লাগে। এলাকার গরিব কৃষকদের বাদাম চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। পাশাপাশি কৃষি বিভাগের নজরদারি জোরদার করার ব্যাপারে আমি বিশেষ নজর রাখব।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক নির্মল কুমার সাহা বলেন, বাদামের পুষ্টিগুণ অনেক বেশি। দেশে এর চাহিদাও প্রচুর। এবার বীজের সংকট থাকার পরও চরাঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে বাদাম চাষ হয়েছে। ভবিষ্যতে বাদাম চাষে অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।