বাদী হাজির না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে ১৯৯৩ সালে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার শুনানি গত দুই ধার্য দিনে হয়নি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে মামলার বাদী নগর ছাত্রলীগের সাবেক নেতা সুফিয়ান সিদ্দিকীকে জেরার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির হননি। গত সোমবারও তিনি না থাকায় শুনানি হয়নি।
সুফিয়ান সিদ্দিকী বলেন, ‘আমি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারিনি। আইনজীবীর মাধ্যমে আদালতে সময়ের আবেদন করেছি।’
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, বাদীকে জেরার দিন ধার্য থাকলেও তিনি আদালতে হাজির হননি। এ ছাড়া মামলার আসামি আ জ ম নাছির উদ্দিন, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ অনেক আসামি হাজির হননি। তাঁরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়ে সময়ের আবেদন করেছেন। পরে আদালত বুধবার (আজ) শুনানির দিন ধার্য করছেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ওই সময়ের নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় আ জ ম নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ৬ এপ্রিল মামলার বাদীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। ওই দিন আইনজীবীদের জেরার মুখে বাদী সুফিয়ান সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে আসামিরা ছিলেন না। মামলার এজাহার তিনি লেখেননি, পড়েও দেখেননি।